সিআইএ’র নির্যাতনের প্রতিবেদন প্রকাশিত হচ্ছে
বিশ্বব্যাপী যুক্তরাষ্ট্রের গোয়েন্দা সংস্থা সিআইএ’র বিভিন্ন নির্যাতনমূলক জিজ্ঞাসাবাদ নিয়ে সিনেটের তৈরি ৪৮০ পৃষ্ঠার একটি সংক্ষিপ্ত প্রতিবেদন প্রকাশ করতে যাচ্ছে দেশটি।
মঙ্গলবার এই প্রতিবেদনটি প্রকাশ হওয়ার কথা রয়েছে বলে হোয়াইট হাউসের বরাত দিয়ে জানিয়েছে বিবিসি।
এই প্রতিবেদন প্রকাশকে সামনে রেখে বিশ্বব্যাপী যুক্তরাষ্ট্রের বিভিন্ন স্থাপনায় নিরাপত্তা জোরদার করা হয়েছে।
হোয়াইট হাউসের এক মুখপাত্র জানিয়েছেন, “বড় ধরনের ঝুঁকির কিছু ইঙ্গিত থাকায়” যুক্তরাষ্ট্রের দূতাবাসগুলোসহ অন্যান্য স্থাপনার পূর্ব সতর্কতা জোরদার করা হয়েছে।
প্রকাশিত হতে যাওয়া প্রতিবেদনে, ৯/১১’র পর আল কায়েদার বিরুদ্ধে পরিচালিত অভিযানের বিস্তারিত উঠে আসবে বলে ধারণা করা হচ্ছে।
এছাড়া শীর্ষ সন্দেহভাজনদের কাছ থেকে তথ্য উদ্ধারের জন্য সিআইএ’র ব্যবহৃত বিতর্কিত অনেক পদ্ধতির বিস্তারিত বর্ণনাও এতে প্রকাশ পাবে বলে মনে করা হচ্ছে।
পাশাপাশি এ ধরনের কঠোর জিজ্ঞাসাবাদের পরও সিআইএ কাঙ্ক্ষিত ফল পায়নি, এমন বিষয়গুলো নিয়েও এতে প্রতিবেদন থাকবে বলে ধারণা করা হচ্ছে।
যুক্তরাষ্ট্র সিনেটের গোয়েন্দা বিষয়ক কমিটির তৈরি মূল প্রতিবেদনটি ছয় হাজার পৃষ্ঠার। আর সেটি গোপন রাখা হবে।
