দুর্বল হয়ে ম্যানিলার দিকে যাচ্ছে হ্যাগুপিট
ঘূর্ণিঝড় হ্যাগুপিট অনেকটাই দুর্বল হয়ে পড়েছে এবং গ্রীষ্মমন্ডলীয় ঝড়ের রূপ নিয়ে এটি ফিলিপাইনের রাজধানী ম্যানিলার দিকে অগ্রসর হচ্ছে।
এর আগে শক্তিশালী ঘূর্ণিঝড় হ্যাগুপিট দেশটির কেন্দ্রিয় এলাকার ওপর দিয়ে বয়ে যায়। ঝড়ের তাণ্ডবে গাছপালা ও বৈদ্যুতিক খুঁটি উপড়ে গিয়ে ওই এলাকার যোগাযোগ ব্যবস্থা বন্ধ হয়ে যায়।
ঝড়ের আঘাতে সামার দ্বীপের পূর্বাঞ্চল সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়। ঝড়ের সঙ্গে উঠে আসা জলচ্ছ্বাসে ওই এলাকার ঘরবাড়ি ডুবে যায়। সেখানে অন্তত ২৭ জন প্রাণ হারিয়েছে ।
ফিলিপাইনের রেডক্রসের চেয়ারম্যান রিচার্ড গরডন বলেন, “আমরা মোট ২৭ জন মৃত্যুর খবর নিশ্চিত হয়েছি। তাদের অধিকাংশই সামারের পূর্বাঞ্চল বরোনগানের বাসিন্দা ছিলেন। বন্যার পানিতে ডুবে তাদের বেশিরভাগের মৃত্যু হয়েছে।”
তবে নিহতের সংখ্যা বাড়তে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন তিনি।শনিবার রাতে হ্যাগুপিট ফিলিপাইনের উপকূলীয় এলাকায় আঘাত হানে।
ঘূর্ণিঝড় আঘাত হানার আগেই উপকূলীয় এলাকার ১০ লাখেরও বেশি মানুষ ঘরবাড়ি ছেড়ে আশ্রয় কেন্দ্রগুলোতে গিয়ে উঠেছে।
মাত্র এক বছর আগে ফিলিপাইনের এ এলাকায় বিশ্বের অন্যতম ভয়াবহ ঘূর্ণিঝড় হাইয়ানের আঘাতে হাজার হাজার মানুষ নিহত হয়েছিল।
প্রশান্ত মহাসাগর থেকে হাগুপিট উপকূলে আঘাত হানার পরপরই টাকলোবান শহরসহ সামার ও লেইতি প্রদেশের বেশিরভাগ এলাকার বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে যায়।
প্রাদেশেকি রাজধানী বরোনগান থেকে পূর্ব সামারের জনপ্রতিনিধি বেন এভারডন বলেছেন, “উপড়ে পড়া গাছপালার জন্য আমি উত্তর বা দক্ষিণ দিকে যেতে পারছি না। অনেক এলাকায় বন্যাও দেখা দিয়েছে।”
ফিলিপিন উপকূলে আঘাত হানার সময় হ্যাগুপিট দুর্বল হয়ে যায়। যদিও আঘাত হানার আগ পর্যন্ত ঘূর্ণিঝড়টিকে হাইয়ানের মতো ‘মহাঘূর্ণিঝড়’ বলে বিবেচনা করা হচ্ছিল।
ঘূর্ণিঝড়টির কেন্দ্রের কাছাকাছি বাতাসের বেগ ছিলো ঘন্টায় ১৬০ কিমি, যা কখনো কখনো ঘন্টায় ১৯৫ কিমি পর্যন্ত বৃদ্ধি পেয়েছে এবং ঘন্টায় ১৫ কিমি বেগে ঘূর্ণিঝড়টি এগিয়ে গেছে।
ফিলিপিনো শব্দ হ্যাগুপিট অর্থ “আঘাত” বলে জানিয়েছে ফিলিপাইনের আবহাওয়া ব্যুরো।
