২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

৬ গুয়ান্তানামো বন্দির মুক্তি

কিউবার গুয়ানতানামো বে কারাগার থেকে ছয় বন্দিকে মুক্তি দিয়েছে যুক্তরাষ্ট্র।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Dec 2014, 07:23 PM

Updated : 22 Aug 2022, 08:02 PM

রোববার পেন্টাগনের পক্ষ থেকে এক বিবৃতিতে বলা হয়, মুক্তি প্রাপ্তদের মধ্যে চারজন সিরিয়ার, একজন তিউনিসিয়ার এবং একজন ফিলিস্তিনের নাগরিক।

এরা হলেন: আহমেদ আদনান আহজাম, আলি হুসাইন শাবান, ওমর মাহমুদ ফারাজ, আব্দুল বিন মোহাম্মদ আবিস, মোহাম্মদ তাহানমাতান এবং জিহাদ দিয়াব। পুনর্বাসনের জন্য তাদেরকে উরুগুয়েতে পাঠানো হয়েছে।

এ ছয়জনকে জঙ্গি সংগঠন আল-কায়দার সঙ্গে জড়িত সন্দেহে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছিল। যদিও তাদের বিরুদ্ধে কখনো অভিযোগ আনা হয়নি।

২০১০ সালে এই ছয় বন্দিকে মুক্তি দেয়া হলেও নিজ নিজ দেশে ফেরত না পাঠানোয় এতদিন পর্যন্ত তারা কারাগারেই ছিল।

মার্চে উরুগুয়ের প্রেসিডেন্ট হোসে মুজিকা মানবিক দৃষ্টিকোণ থেকে ওই বন্দিদের পুনর্বাসনের সিদ্ধান্ত নেন। যদিও গত মাসের নির্বাচনের কারণে তাদের হস্তান্তরের প্রক্রিয়া মুলতবি রাখা হয়েছিল।

পেন্টাগনের পক্ষ থেকে এক বিবৃতিতে উরুগুয়ে সরকারকে ধন্যবাদ দিয়ে বলা হয়, “গুয়ানতানামো বে কারাগার বন্ধ করে দেয়ার যে প্রক্রিয়া যুক্তরাষ্ট্র শুরু করেছে তাকে আন্তরিকভাবে সমর্থন করায় উরুগুয়ে সরকারের প্রতি আমরা কৃতজ্ঞ।”

২০০২ সালে কিউবায় যুক্তরাষ্ট্রের সামরিক শিবিরে এই কারাগারটি স্থাপন করা হয়। এখানে যুক্তরাষ্ট্রের সন্ত্রাসের বিরুদ্ধে যুদ্ধে শত্রু শিবিরের যোদ্ধাদের আটক করে রাখা হত।

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বারাক ওবামা কারাগারটি বন্ধ করে দেয়ার সিদ্ধান্ত নিয়েছেন।

কারাগারটি থেকে এখন পর্যন্ত ১৩৬ বন্দিকে মুক্তি দেয়া হলেও তাদের প্রায় অর্ধেক এখনো সেখানে রয়ে গেছে। কারণ, তাদের পনুর্বাসনের স্থান পাওয়া যাচ্ছে না।

অস্থিতিশীল ও অনিরাপদ হওয়ার কারণে মুক্তি প্রাপ্তদের নিজ নিজ দেশে ফেরত পাঠানো সম্ভব হচ্ছে না।

এর আগে ৫০টির বেশি দেশ গুয়ানতানামো বন্দিদের পুনর্বাসিত করেছে।