কেনিয়াত্তার বিরুদ্ধে অভিযোগ প্রত্যাহার
আন্তর্জাতিক অপরাধ আদালতে (আইসিসি)কেনিয়ার প্রেসিডেন্ট উহুরু কেনিয়াত্তার বিরুদ্ধে আনা মানবতাবিরোধী অপরাধের অভিযোগ কৌঁসুলিরা তুলে নিয়েছেন।
প্রসিকিউশনের পক্ষে থেকে এক বিবৃতিতে বলা হয়, “আমাদের হাতে যেসব প্রমাণ আছে সেগুলো কেনিয়াত্তার অপরাধ প্রমাণের জন্য যথেষ্ট নয়।”
মামলা তুলে নেয়ার পর এক টুইটার বার্তায় কেনিয়াত্তা লেখেন, “আমি আমার বিবেকের কাছে একেবারে পরিষ্কার ছিলাম। পর্যাপ্ত তদন্ত ছাড়াই আমার বিরুদ্ধে এই মামলা করা হয়েছিল।”
কেনিয়াত্তার বিরুদ্ধে অভিযোগ, ২০০৭ সালের নির্বাচন পরবর্তী জাতিগত সহিংসতায় তিনি উস্কানি দিয়েছেন। ওই সহিংসতায় প্রায় ১২০০ মানুষ প্রাণ হারায়, বাস্তুহারা হয় প্রায় ছয় লাখ মানুষ।
২০০৭ সালের নির্বাচনে তৎকালীন প্রেসিডেন্ট এমওয়াই কিবাকির পক্ষে কাজ করেছেন কেনিয়াত্তা। ২০১২ সাল পর্যন্ত কেনিয়ার প্রেসিডেন্ট ছিলেন কিবাকি। তার সমর্থন নিয়েই ২০১৩ সালের নির্বাচনে জয়লাভ করেন কেনিয়াত্তা।
২০১২ সালে হেগের আন্তর্জাতিক অপরাধ আদালতে কেনিয়াত্তার বিরুদ্ধে মানবাধিকার লঙ্ঘনের অপরাধে মামলা করা হয়।
যদিও বরাবরই এ অভিযোগ অস্বীকার করে আসা কেনিয়াত্তা বলেছিলেন, রাজনৈতিকভাবে তাকে হেঁয় প্রতিপন্ন করার জন্যই এ মামলা করা হয়েছে।
বুধবার আদালত প্রসিকিউশনকে এক সপ্তাহের সময় বেঁধে দেয়। ওই সময়ের মধ্যে কেনিয়াত্তার বিরুদ্ধে প্রমাণ সংগ্রহ করা বা তার বিরুদ্ধে অভিযোগ তুলে নেয়ার নির্দেশ দেয়া হয়।
কেনিয়াত্তার বিরুদ্ধে প্রমাণ সংগ্রহের জন্য প্রসিকিউশন বারবার আদালতের কাছে সময় চেয়েছে।
তাদের দাবি, সাক্ষীদের ঘুষ দেয়া হচ্ছে এবং ভয়ভীতি দেখানো হচ্ছে। এছাড়া, কেনিয়া সরকার এ মামলা সংশ্লিষ্ট গুরুত্বপূর্ণ কাগজপত্র দিতে অস্বীকার করেছে।
