সিসিলিতে ১৬ অভিবাসীর লাশসহ উদ্ধার ২৭৮
সাগরে ভাসমান অবস্থায় ২৭৮ জন অবৈধ অভিবাসীকে উদ্ধার করেছে ইতালির নৌবাহিনী। আরো ১৬টি মৃতদেহ উদ্ধার করা হয়েছে।
এছাড়া, উদ্ধারের কিছুক্ষণের মধ্যে একজন মারা যায়। ল্যাম্পেদুসা দ্বীপের কাছে সিসিলি প্রাণালীতে জরাজীর্ণ তিনটি নৌকা থেকে এসব অভিবাসীকে উদ্ধার করা হয়।
প্রাথমিকভাবে নিহতদের মৃত্যুর কারণ হিসেবে শরীরের তাপমাত্রা অস্বাভাবিকভাবে কমে যাওয়া এবং পানিশূন্যতার কথা বলা হয়েছে।
মৃতদেহগুলো যে নৌকায় ছিলো সেটি থেকে আরো ৭৫ জনকে উদ্ধার করা হয়। অন্য দুইটি নৌকা থেকে বাকি ২০২ জনকে উদ্ধার করা হয়। এসব অভিবাসী আফ্রিকা থেকে এসেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।
‘দ্য ইন্টারন্যাশনাল অরগানাইজেশন ফর মাইগ্রেশন’এর (আইওএম) তথ্য অনুযায়ী, এ বছর আফ্রিকা থেকে অবৈধ পথে ইউরোপে প্রবেশের চেষ্টা করার সময় প্রায় ৩২০০ অভিবাসীর মৃত্যু হয়েছে। যুদ্ধ এবং প্রাণনাশের হুমকির কারণে এসব অভিবাসী দেশ ছাড়তে বাধ্য হয়েছিল।
