২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

শত্রুরা রাশিয়াকে ভেঙে ফেলতে চায়: পুতিন

শত্রুরা রাশিয়াকে ভেঙে ফেলতে চায় এবং এর অর্থনীতি ধ্বংস করে দিতে চায় যাতে দেশটি শক্তিশালী হয়ে গড়ে উঠতে না পারে। রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এ অভিযোগ করেছেন।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Dec 2014, 06:03 PM

Updated : 22 Aug 2022, 08:01 PM

বৃহস্পতিবার পার্লামেন্টে বার্ষিক স্টেট অব দ্য ইউনিয়ন ভাষণে পুতিন রাশিয়ার ইউক্রেইন নীতি সঠিক বলে উল্লেখ করেন। ইউক্রেইনের ক্রিমিয়া উপদ্বীপ রাশিয়ার ভূখন্ডের অন্তর্ভুক্ত করে নেয়ারও সাফাই গান তিনি। রাশিয়ার জনগণের শক্তির প্রশংসা করার পাশাপাশি পশ্চিমা বিশ্বের বিরুদ্ধে ইউক্রেইনে অবিশ্বাস জিইয়ে রাখার অভিযোগ করেন তিনি।

রাশিয়ার ওপর নিষেধাজ্ঞা দেশের জনগণকে নিজেদের অর্থনীতি উন্নয়নের পথেই চালিত করবে বলে মন্তব্য করেন তিনি।

রাশিয়ার সামনে কঠিন সময় আসছে এ ব্যাপারে সতর্ক করে দিয়ে পুতিন দেশের জনগণকে স্বনির্ভর হওয়ার আহ্বান জানান।

তেলের দাম পড়ে যাওয়া এবং ইউক্রেইন সঙ্কটের জেরে পশ্চিমা নিষেধাজ্ঞার কবলে জর্জরিত রাশিয়ায় আগামী বছর মন্দা দেখা দিতে পারে বলে সতর্ক করেছে সরকার।

এক ঘন্টার কিছু বেশি সময়ের ভাষণে পুতিন বলেন, “রাশিয়ার পুরোনো শত্রুরা চায় দেশটি ১৯৯০ এর দশকের যুগোস্লাভিয়ার মতো একই ভাগ্য বরণ করুক”।

“তারা যে যুগোস্লাভিয়ার মতো রাশিয়ার পতন এবং একে ভেঙে পড়তে দেখে মজা পাবে তাতে কোনো সন্দেহ নাই। এ পরিস্থিতির মর্মান্তিক পরিণতি ভোগ করবে রাশিয়ার জনগণ। এটি ঘটেনি এবং আমরা এটি ঘটতেও দেইনি”

তিনি আরো বলেন, “পশ্চিমা বিশ্ব রাশিয়াকে ধ্বংস করতে এতটাই বদ্ধপরিকর যে ইউক্রেইন সঙ্কট ছাড়াই তারা রাশিয়ার ওপর নিষেধাজ্ঞা আরোপ করবে। আর তা যদি না ঘটে তাহলে তারা রাশিয়ার সক্ষমতার রাশ টেনে ধরতে আরেকটি অজুহাত নিয়ে আসবে”।