হংকংয়ের অকুপাই নেতাদের আত্মসমর্পণ
হংকংয়ে গণতন্ত্রপন্থি আন্দোলনের দল অকুপাই সেন্ট্রাল মুভমেন্টের তিন নেতা পুলিশের কাছে আত্মসমর্পণ করেছেন।
গণতন্ত্রপন্থি আন্দোলনে ভূমিকার দায় কাঁধে নিয়ে আত্মসমর্পণ করেন বেনি তাই, চ্যান কিন ম্যান এবং চু ইয়ু-মিং। আন্দোলনে তাদের ভূমিকাকে অবৈধ বলেই আখ্যা দিয়ে আসছে কর্তৃপক্ষ।
কিন্তু নেতারা আত্মসমর্পণের পর তাদের সঙ্গে সংক্ষিপ্ত একটি বৈঠক করেই ছেড়ে দেয়া হয়েছে। তাদেরকে গ্রেপ্তারও করা হয়নি এমনকি কোনো অভিযোগও আনা হয়নি।
ছাত্রনেতা জসুয়া ওং বুধবার নতুন করে সমর্থকদের বিক্ষোভে জড়ো হওয়ার ডাক দেয়ার পর আরো বেশি সহিংসতার আশঙ্কায় ছাত্রদেরকে পিছু হটার আহ্বান জানিয়েছিলেন অকুপাইয়ের এ তিন নেতা। এরপরই তারা কেন্দ্রীয় পুলিশ স্টেশনে গিয়ে আত্মসমর্পণ করেন।
এরপর এক ঘন্টারও কম সময়ের মধ্যে তাদেরকে ছেড়ে দেয়া হয়। তবে তাদের ব্যক্তিগত সব তথ্য চেয়ে তিনজনকেই একটি করে ফর্ম পূরণ করতে দেয়া হয়েছে। তাদের কাছ থেকে তথ্য নিয়ে যথাযথ সময়ে তাদেরকে আবার পুলিশ স্টেশনে ডাকা হবে বলে জানিয়েছেন কর্মকর্তারা।
তিন নেতার সঙ্গে তাদের কিছু সমর্থকও আত্মসমর্পণ করেছে বলে জানিয়েছে পুলিশ। সব মিলে এ সংখ্যা ২৪। কর্মকর্তারা তাদেরকে অবিলম্বে সরকারি জায়গা অবৈধভাবে দখলে রাখা বন্ধ করতে বলেছেন।
হংকংয়ের নির্বাচন প্রক্রিয়ায় চীনের কড়াকড়ি আরোপের প্রতিবাদে বিক্ষোভকারীরা দুমাস ধরে গণতন্ত্রপন্থি আন্দোলন চালিয়ে আসছে।
গত সোমবার হংকং সরকারের সদরদপ্তরের সামনে পুলিশের সঙ্গে বিক্ষোভকারীদের সংঘর্ষের পর কয়েক হাজার বিক্ষোভকারী সদরদপ্তরটি সাময়িকভাবে বন্ধ রাখতে বাধ্য করে।
এ ঘটনার পর পুলিশ বিক্ষোভকারীদের ঘটনাস্থল ত্যাগ করার নির্দেশ দিলেও তারা তা অগ্রাহ্য করে। বিশিষ্ট ছাত্রনেতা জোসুয়া ওং সরকারের সঙ্গে নতুন করে আলোচনার দাবিতে অন্য আরো দুইজনকে সঙ্গে নিয়ে অনশনও শুরু করেন।
ওদিকে, হংকংয়ের নির্বাহী প্রধান লেয়ুঙও জানিয়ে দেন, পুলিশ দায়িত্ব পালনকালে কঠোর ব্যবস্থা নেবে। এরপরই সহিংসতার আশঙ্কায় ছাত্রদের পিছু হটার আহ্বান জানান অকুপাই নেতারা।
