মিসৌরিতে জরুরি অবস্থা ঘোষণা
নিরস্ত্র কৃষ্ণাঙ্গ এক কিশোরকে গুলি করে হত্যার ঘটনায় গুলিবর্ষণকারী সাদা পুলিশ কর্মকর্তা দোষী কিনা, এ বিষয়ে আদালতে শুনানির আগে যুক্তরাষ্ট্রের মিসৌরি রাজ্যে জরুরি অবস্থা ঘোষণা করা হয়েছে।
সোমবার মিসৌরির গভর্নর জে নিক্সন এক বিবৃতিতে জরুরি অবস্থা জারির কথা ঘোষণা করেন।
চলতি নভেম্বরেই প্রধান বিচারক শুনানির রায় ঘোষণা করতে পারেন বলে জানিয়েছেন রাজ্যটির কর্মকর্তারা।
শুনানির রায়ে গুলিবর্ষণকারী পুলিশ কর্মকর্তাকে ঘটনার জন্য দায়ী করা না হলে রাজ্যজুড়ে সহিংস বিক্ষোভ ছড়িয়ে পড়তে পারে আশঙ্কায় জরুরি অবস্থা জারির সিদ্ধান্ত নেয়া হয়েছে বলে জানিয়েছে নিক্সন।
সহিংসতার কোনো ঘটনা ঘটলে পুলিশকে সহায়তা করার জন্য রাজ্যের জাতীয় রক্ষীবাহিনীকে নির্দেশ দেয়া হয়েছে।
বিবৃতিতে বলা হয়েছে, “প্রধান বিচারকের সিদ্ধান্ত ঘোষণার প্রেক্ষিতে যে কোনো পরিস্থিতি মোকাবিলায় আমাদের প্রস্তুতি ও পরিকল্পনার অংশ হিসেবে আগাম এসব পদক্ষেপ নেয়া দরকার হয়ে পড়েছিল।”
কোনো ধরনের প্রতিবাদ বিক্ষোভ দেখা দিলে পরিস্থিতি মোকাবিলায় মেসৌরির ফার্গুসনের পুলিশের জায়গায় সেন্ট লুইস কাউন্টি পুলিশ বিভাগকে দায়িত্ব দেয়া হয়েছে।
৯ অগাস্ট এই ফার্গুসনেই স্থানীয় পুলিশ কর্মকর্তা ড্যারেন উইলসনের গুলিতে ১৮ বছর বয়সী কৃষ্ণাঙ্গ কিশোর মাইকেল ব্রাউন নিহত হয়েছিলেন। তারপর থেকে কয়েক সপ্তাহ জুড়ে ফার্গুসনে এ ঘটনার প্রতিবাদে ব্যাপক বিক্ষোভ ছড়িয়ে পড়ে, যা কখনো কখনো সহিংস রূপ নিয়েছিল।
প্রধান বিচারক পুলিশ কর্মকর্তা উইলসনের বিরুদ্ধে ফৌজদারি অভিযোগ না আনলে ফার্গুসনের পরিস্থিতি অশান্ত হয়ে উঠতে পারে বলে মনে করছে সংশ্লিষ্ট মহলগুলো।
প্রধান বিচারকের প্রতিবেদনের সিদ্ধান্ত পুলিশ কর্মকর্তার পক্ষে যেতে পারে, এমন ধারণা থেকে গত দুদিন থেকেই বিক্ষোভ করছে প্রতিবাদকারীরা। প্রধান বিচারক যে স্থানে বৈঠক করছেন মিসৌরির সেই ক্লেটন এলাকায় সোমবার থেকেই কয়েক ডজন বিক্ষোভকারী রাস্তায় অবস্থান নিয়েছেন।
