চীনে কারখানায় আগুন লেগে নিহত ১৮
পূর্ব চীনের একটি গাজর প্যাকেটজাত করার কারখানায় আগুন লেগে অগ্নিদগ্ধ হয়ে অন্ততপক্ষে ১৮ জন নিহত হয়েছেন।
আগুনে পুড়ে আহত হওয়া আরো ১৩ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
সোমবার দেশটির রাষ্ট্রীয় বার্তা সংস্থা সিনহুয়ার এক প্রতিবেদনে এ খবর জানানো হয়েছে।
রোববার সন্ধ্যায় শ্যানডং প্রদেশের ওই কারখানাটিতে আগুন লাগে। কয়েক ঘণ্টার চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়।
ওই কারখানাটির ব্যবস্থাপককে পুলিশ আটক করেছে বলে প্রতিবেদনে জানানো হয়েছে। তবে প্রতিবেদনে বিস্তারিত আর কিছু জানানো হয়নি।
বিশ্বের দ্বিতীয় বৃহত্তম অর্থনীতির দেশ চীনে কর্মপরিবেশে দুর্বলতার নজির আছে। দেশটির কারখানাগুলোতে প্রায়ই ভয়াবহ দুর্ঘটনা ঘটে।
২০১৩ সালের জুনে দেশটির উত্তরপূর্বাঞ্চলে একটি মুরগি প্রক্রিয়াজাতকরণ কারখানায় আগুন লেগে ১২০ জন নিহত হয়েছিলেন।
