আব্দুল রহমান ক্যাসিগকে হত্যা অনৈতিক কাজ : ওবামা
যুক্তরাষ্ট্রের ত্রাণকর্মী আব্দুল রহমান ক্যাসিগের হত্যাকে “পুরোপুরি অনৈতিক কাজ” বলে বর্ণনা করে এর নিন্দা জানিয়েছেন দেশটির প্রেসিডেন্ট বারাক ওবামা।
জঙ্গিগোষ্ঠি ইসলামিক স্টেট’র (আইএস) প্রকাশিত একটি ভিডিওতে মুখোশ পড়া এক ব্যক্তির পায়ের কাছে একটি কাটা মাথা দেখা গেছে।
রোববার রাতে বিবিসি জানিয়েছে, ওই মাথাটি ক্যাসিগের বলে নিশ্চিত করেছে হোয়াইট হাউজ।
ক্যাসিগের প্রশংসা করে ওবামা বলেছেন, “তিনি মানবাধিকারের জন্য নিবেদিতপ্রাণ মানুষ ছিলেন। অমানবিক একটি সন্ত্রাসী গোষ্ঠি তাকে আমাদের কাছ থেকে নিয়ে গেছে, এটি পুরোপুরি অনৈতিক একটি কাজ।”
“আজ আমরা সবাই শোকাভিভূত, তা সত্বেও যে অদম্য মনোবল ও শুভশক্তি আব্দুল রহমান ক্যাসিগকে উজ্জীবিত করেছে আমরা তা স্মরণ করছি,” বলেছেন তিনি।
অস্ট্রেলিয়ায় অনুষ্ঠিত জি২০ সম্মেলন থেকে যুক্তরাষ্ট্রের ফেরার পর ওবামা ক্যাগিসের হত্যাকাণ্ড নিয়ে এসব প্রতিক্রিয়া জানান।
যুক্তরাষ্ট্রের ইন্ডিয়ানা রাজ্যের বাসিন্দা ক্যাসিগের বাবা এড ও মা পাওলা এক বিবৃতিতে বলেছেন, ছেলের মৃত্যুতে তাদের হৃদয় ভেঙে গেছ।
“সিরীয় জনগণের প্রতি ভালবাসার জন্য তাকে প্রাণ দিতে হল।”
“মানবিকতার তাড়নায় তাড়িত হয়ে আমাদের ছেলে জীবন কাঁটিয়েছে, এ জন্য ভীষণ গর্বিত আমরা। তার কাজের এ ধারা ধরে রাখার জন্য প্রতিদিন আমরা আমাদের সেরাটা দিয়ে কাজ করে যাব,” বলেছেন তারা।
ক্যাসিগকে নিয়ে এ পর্যন্ত পাঁচজন পশ্চিমা নাগরিককে হত্যা করল আইএস। এর আগে ব্রিটিশ নাগরিক অ্যালান হেনিং ও ডেভিড হেইন্স এবং যুক্তরাষ্ট্রের সাংবাদিক জেমস ফোলি ও স্টিভেন সোতলোফকে শিরশ্ছেদ করে হত্যা করেছিল গোষ্ঠিটি।
এই জঙ্গিগোষ্ঠি সিরিয়া ও ইরাকের বিশাল অংশ দখল করে সেখানে খলিফা শাসিত ইসলামি খেলাফত প্রতিষ্ঠার ঘোষণা দিয়েছে।
