২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

রুশ তৎপরতার বিরুদ্ধে একাট্টা যুক্তরাষ্ট্র-জাপান-অস্ট্রেলিয়া

ক্রিমিয়া উপদ্বীপকে নিজ ভূখন্ডে অন্তর্ভুক্ত করে নেয়া এবং ইউক্রেইনকে অস্থিতিশীল করার রাশিয়ার তৎপরতার বিরুদ্ধে একাট্টা হয়েছে যুক্তরাষ্ট্র, জাপান ও অস্ট্রেলিয়া।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Nov 2014, 07:34 PM

Updated : 22 Aug 2022, 07:52 PM

রোববার জি-টোয়েন্টি সম্মেলনে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বারাক ওবামা, জাপানের প্রধানমন্ত্রী শিনজো আবে এবং অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী টনি অ্যাবোট বলেন, “ক্রিমিয়া দখলের যে ব্যাখ্যা রাশিয়া দিয়েছে এবং পূর্ব ইউক্রেইনকে তারা যেভাবে উত্যক্ত করছে আমরা তার বিরোধিতা করব।”

এছাড়া, এমএইচ১৭ বিমানটি যারা ভূপাতিত করেছে তাদের বিচারের আওতায় আনার প্রতিশ্রুতিও দিয়েছেন নেতারা। এক যৌথ বিবৃতিতে ওবামা, আবে এবং অ্যাবট এই প্রতিশ্রুতি দেন।

শনিবার থেকে অস্ট্রেলিয়ার ব্রিসবেনে দুই দিনব্যাপী জি-টোয়েন্টি সম্মেলন শুরু হয়েছে। বিশ্বের শীর্ষ ধনী দেশগুলোর জোটের সম্মেলনে ইউক্রেইন নিয়ে চাপের মুখে রয়েছে রাশিয়া।

রাশিয়ার বিরুদ্ধে অভিযোগ, তারা ইউক্রেইনের রাশিয়াপন্থি বিদ্রোহীদের সহায়তা করছে। এবছর ইউক্রেইনে সরকার ও বিদ্রোহীদের সংঘর্ষে চার হাজারের বেশি মানুষ নিহত হয়েছে।

শনিবার পশ্চিমা নেতারা পুতিনকে সতর্ক করে দিয়ে বলেছিলেন, যদি পুতিন ইউক্রেইনের বিদ্রোহীদের সহায়তা করা বন্ধ না করেন তবে রাশিয়ার ওপর নিষেধাজ্ঞা আরোপ করা হবে।

যদিও রশিয়া প্রথম থেকেই তাদের বিরুদ্ধে আনা অভিযোগ অস্বীকার করে আসছে।
রাশিয়া ছাড়াও ইবোলা সঙ্কট এবং এ থেকে পরিত্রাণের উপায় খুঁজে বের করার নিয়ে বিস্তারিত আলোচনা করেছেন ওই তিন নেতা।

উত্তর কোরিয়াকে ক্রমাগত পারমাণবিক অস্ত্র ও ক্ষেপণাস্ত্র ব্যবহারের হুমকি দেয়া থেকে বিরত রাখা এবং দেশটিতে মানবাধিকার রক্ষার ব্যবস্থা করার বিষয়েও তারা আলোচনা করেন।