‘এমএইচ১৭ ভূপাতিত করেছে ইউক্রেইনের জঙ্গি বিমান’
মালয়েশিয়া এয়ারলাইন্সের এমএইচ১৭ ফ্লাইট বিধ্বস্ত হওয়ার ছবি প্রকাশ করে রাশিয়ার রাষ্ট্র নিয়ন্ত্রিতি টিভি বলেছে, ইউক্রেইনের জঙ্গি বিমানই এটিকে ভূপাতিত করেছে।
তবে ছবিগুলো পরীক্ষা করে দেখা কয়েকজন বিশেষজ্ঞে এগুলোকে ভুয়া বলে বর্ণনা করেছেন।
পশ্চিমা স্যাটেলাইটের সাহায্যে তোলা এ ছবিগুলোতে পূর্ব ইউক্রেইনে একটি জঙ্গি বিমানকে যাত্রীবাহী বিমানের দিকে ক্ষেপণাস্ত্র ছুড়তে দেখা গেছে।
ওই জায়গাটিতেই ১৭ জুলাইয়ে ২৯৮ জন আরোহী নিয়ে বিধ্বস্ত হয় এমএইচ১৭।
এরপর থেকেই মস্কো এ ঘটনার জন্য ইউক্রেইনের সেনাবাহিনীকে দোষারোপ করে আসছে। অন্যদিকে, পশ্চিমারা বলে আসছে, তথ্যপ্রমাণ থেকে এ আভাসই পাওয়া যায় যে, বিমানটি রাশিয়ার তৈরি ভূমি থেকে আকাশে নিক্ষেপণযোগ্য ক্ষেপণাস্ত্রের আঘাতে বিধ্বস্ত হয়েছে এবং এ ক্ষেপণাস্ত্র ছুড়েছে ওই এলাকার রুশপন্থি বিচ্ছিন্নতাবাদীরা।
শুক্রবার রাশিয়ান টিভির ‘ওদনাকো’ নিউজ শো’তে ছবিগুলো প্রচার করা হয়। বলা হয়, ম্যাসাচুসেটস বিশ্ববিদ্যালয়ের প্রযুক্তি ইন্সটিটিউট (এমআইটি) থেকে গ্র্যাজুয়েশন করা জর্জ বিল্ট নামের একজন ছবিগুলো এক রুশ বিশেষজ্ঞের কাছে পাঠিয়েছেন।
চ্যানেল ওয়োনের উপস্থাপক দিমিত্রি বরিসভ বলেন, মালয়েশিয়া এয়ারলাইন্সের ফ্লাইটটি ইউক্রেইনের ওপর দিয়ে উড়ে যাওয়ার শেষ মুহূর্তের এ ছবিগুলো তোলা হয়েছে বিদেশি গোয়েন্দা স্যাটেলাইটে।
এমএইচ১৭ বিধ্বস্ত হওয়া নিয়ে পশ্চিমাদের অভিযোগের বিপরীতে মস্কোর দাবির অনুকূলে গেছে এ ছবিগুলো। ফলে চ্যানেল ওয়ানে ছবিগুলো প্রচার পাওয়ার সঙ্গে সঙ্গেই সমালোচনার শিকার হয়েছে।
ব্রিসবেনে জি-টোয়েন্টি সম্মেলনের প্রাক্কালে এ ছবিগুলো প্রকাশ পেয়েছে। যে সম্মেলনে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ইউক্রেইনে রুশ তৎপরতার জন্য পশ্চিমা নেতাদের তীব্র সমালোচনার মুখে পড়েছেন।
