‘আইএস’র জল্লাদ জিহাদি জন আহত’
ইসলামিক স্টেট (আইএস) জল্লাদ হিসেবে পরিচিতি পাওয়া ব্রিটিশ উচ্চারণে ইংরেজিতে কথা বলা “জিহাদি জন” যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন বিমান হামলায় আহত হয়েছেন এমন একটি খবর তদন্ত করে দেখছে যুক্তরাজ্য সরকার।
শনিবার যুক্তরাজ্য সরকার জানিয়েছে, তারা জনের আহত হওয়ার খবর পেয়েছেন।
গত সপ্তাহে সিরীয় সীমান্তের কাছের এক ইরাকি শহরে যুক্তরাষ্ট্রের বিমান হামলায় আইএস’র অন্যান্য শীর্ষ নেতাদের সঙ্গে জনও আহত হয়েছে বলে রোববার প্রকাশিত এক প্রতিবেদনে জানিয়েছে দ্য মেইল।
ওই হামলায় আইএস’র শীর্ষ নেতা আবু বকর আল বাগাদদিও আহত হয়েছেন বলে প্রকাশিত প্রতিবেদনে জানানো হয়েছে।
যুক্তরাজ্য পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক মুখপাত্র বলেছেন, বিষয়টি নিয়ে প্রকাশিত প্রতিবেদন সম্পর্কে তারা জানেন কিন্তু এসব প্রতিবেদনের সত্যতা নিশ্চিত করতে পারছেন না তারা।
এর আগে মঙ্গলবার মার্কিন কর্মকর্তারাও বাগদাদি আহত হয়েছেন বলে প্রকাশিত প্রতিবেদনগুলোর দাবী সম্পর্কে নিশ্চিত নন বলে জানিয়েছিলেন।
মেইলের প্রতিবেদনে সংবাদ সূত্র হিসেবে অনামা এক সেবিকার কথা বলা হয়েছে। ওই সেবিকা জানিয়েছেন, ‘জিহাদি জন’, বাগদাদিসহ আইএস’র আহত অন্যান্য নেতাদের স্থানীয় এক হাসপাতালে নেয়া হয়, পরে তাদের গাড়িযোগে সিরীয় শহর রাক্কায় নিয়ে যাওয়া হয়।
তবে আইএস’র এসব নেতার আঘাত কতোটা গুরুতর তা পরিষ্কার নয় বলে জানিয়েছে দ্য মেইল।
আইএস’র পণবন্দি দুই ব্রিটিশ নাগরিক ও দুই মার্কিন নাগরিককে শিরশ্ছেদ করে হত্যার জন্য ব্রিটিশ নাগরিক বলে কথিত এই জনকেই দায়ী বলে মনে করে পশ্চিমা গোয়েন্দা সংস্থাগুলো। ব্রিটিশ গণমাধ্যমে তাকে “জিহাদি জন” বলা হয়।
আইএস’র ছাড়া শিরশ্ছেদের ভিডিওগুলোতে জন’ই উদ্যত ছুরি হাতে আপাদমস্তক কালো পোশাক পড়ে মুখ ঢেকে ঘটনার শিকারদের পাশে দাঁড়িয়ে কথা বলেছেন এবং পরে শিরশ্ছেদ করেছেন বলে মনে করে ব্রিটিশ গোয়েন্দা সংস্থাগুলো।
