২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

আমেরিকা আবিষ্কার করেছিলেন মুসলিমরা: এরদোয়ান

ক্রিস্টোফার কলম্বাসের তিনশত বছর আগেই মুসলিমরা আমেরিকা আবিষ্কার করেছিলেন বলে দাবি করেছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তায়িপ এরদোয়ান।

নিউজ ডেস্ক

>>

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Nov 2014, 11:04 AM

Updated : 13 Oct 2022, 12:48 PM

শনিবার তুরস্কের ইস্তাম্বুল শহরে ল্যাতিন আমেরিকার মুসলিম নেতাদের এক সম্মেলনে এরদোয়ান এ দাবি তোলেন বলে জানিয়েছে বিবিসি।

এ বিষয়ে তিনি কলম্বাসের একটি ডায়েরির কথা উল্লেখ করেন, যেখানে কিউবার একটি পাহাড়ের উপর একটি মসজিদের কথা উল্লেখ করেছিলেন কলম্বাস।

এরদোগান বলেছেন, “১১৭৮ সালে মুসলিম নাবিকরা আমেরিকা পৌঁছেছিলেন।”

কিউবায় কলম্বাসের সনাক্ত করা ওই পাহাড়ে তিনি একটি মসজিদ নির্মাণ করার ইচ্ছা ব্যক্ত করেছেন। এ বিষয়ে কিউবা সরকারের সঙ্গে তিনি কথা বলবেন বলেও জানিয়েছেন।

রাজনৈতিক ইসলামে গভীরভাবে আস্থাশীল তুরস্কের একে পার্টির প্রতিনিধি তুর্কি প্রেসিডেন্ট এরদোয়ান তার দাবির বিষয়ে আর কোনো সাক্ষ্য তুলে না ধরে বলেছেন, “ল্যাতিন আমেরিকা ও ইসলামের যোগাযোগ ১২ শতাব্দি থেকে।”

ভারতের পৌঁছানোর জলপথ বের করার চেষ্টা করতে গিয়ে ১৪৯২ সালে কলম্বাস বর্তমানে আমেরিকা নামে পরিচিত মহাদেশে গিয়ে পৌঁছান, এটি ব্যাপকভাবে স্বীকৃত। কিন্তু ১৯৯৬ সালে ইতিহাসবিদ ইউসেফ মিরাওয়ে’র প্রকাশিত এক বিতর্কিত প্রবন্ধে দাবি করেন, কলম্বাসের উল্লেখ প্রমাণ করে মুসিলিমরাই প্রথম আমেরিকায় গিয়েছিল।

তবে অনেক বিশেষজ্ঞ মনে করেন, পাহাড়টিকে দেখতে অনেকটা একটি মসজিদের মতো মনে হয়- এমন মন্তব্য করতে গিয়ে কলম্বাস মসজিদের উল্লেখ করেছিলেন।

কলম্বাস আমেরিকা পৌঁছানোর আগে ওই অঞ্চলে কোনো ইসলামি স্থাপত্যের কোনো নিদর্শনও পাওয়া যায়নি।

আমেরিকায় যাওয়া প্র্রথম মানুষেরা ছিলেন এশীয়। ১৫ হাজার বছর আগে বেরিং প্রণালী অতিক্রম করে তারা মহাদেশটিতে যান বলে ধারণা করা হয়।