সর্বোচ্চ গতির সুপারকম্পিউটার তৈরি করবে যুক্তরাষ্ট্র
বিশ্বের সবচেয়ে শক্তিশালী সুপারকম্পিউটার চীনের তিয়ানহে-২ থেকে তিনগুণ বেশি গতিসম্পন্ন দুটি সুপারকম্পিউটার তৈরির পরিকল্পনা করেছে যুক্তরাষ্ট্র।
পাশাপাশি সুপারকম্পিউটার প্রযুক্তির সর্বোচ্চ পর্যায়ের গবেষণার পরিকল্পনাও করেছে দেশটি।
শুক্রবার যুক্তরাষ্ট্রের জ্বালানিমন্ত্রি আর্নেষ্ট মোনিজ এ পরিকল্পনার কথা ঘোষণা করেছেন।
এ লক্ষ্যে ৪২ কোটি ৫০ লাখ ডলার বরাদ্দের ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্র সরকার। যুক্তরাষ্ট্র জ্বালানি বিভাগের (ডিওই) টেনেসির ওকরিজ জাতীয় গবেষণাগারে “সামিট” ও ক্যালিফোর্নিয়ার লরেন্স লিভারমোর গবেষণাগারে “সিয়েরা” নামের বিশ্বের সর্বোচ্চ গতির সুপারকম্পিউটার দুটি তৈরি করা হবে।
এ দুটি সুপারকম্পিউটার তৈরির জন্য ৩২ কোটি ৫০ লাখ ডলার বিনিয়োগ করবে যুক্তরাষ্ট্র সরকার, এক বিবৃতিতে জানিয়েছেন মোনিজ।
ফাস্টফরোয়ার্ড ২ নামের সর্বোচ্চ পর্যায়ের সুপারকম্পিউটার প্রযুক্তির গবেষণা ও উন্নয়ন প্রকল্পের জন্য আরো ১০ কোটি ডলার ব্যায় করা হবে বলে জানিয়েছেন তিনি।
মোনিজ বলেছেন, “যুক্তরাষ্ট্রের প্রতিদ্বন্দ্বিতার সক্ষমতা বজায় রাখতে এবং অর্থনৈতিক ও জাতীয় নিরাপত্তা নিশ্চিত করতে বিজ্ঞান ও প্রযুক্তি ক্ষেত্রে উচ্চ গতির গণনা (এইচপিসি) উপকরণ অত্যাবশ্যক।”
ডিওই’র ভাষ্য অনুযায়ী, সামিট ও সিয়েরা যুক্তরাষ্ট্রে বর্তমান সর্বোচ্চ ক্ষমতার সুপারকম্পিউটার টাইটান থেকে পাঁচ থেকে সাত গুণ বেশি ক্ষমতাসম্পন্ন হবে।
