ভারতে বন্ধ্যাকরণে মৃত্যু: ট্যাবলেটে ইঁদুরের বিষ
ভারতের ছত্তিশগড় রাজ্যে সরকারি উদ্যেগে পরিচালিত বন্ধ্যাকরণ শিবিরে অস্ত্রোপচারের সময় ব্যবহৃত ট্যাবলেটে ইঁদুরের বিষের রাসায়নিক পাওয়া গেছে।
শনিবার ছত্তিশগড় রাজ্যের এক জ্যেষ্ঠ কর্মকর্তা এ কথা জানিয়েছেন।
গত শনিবার ছত্তিশগড়ের বিলাসপুরে দুটি শিবিরে ওই অস্ত্রোপচারের পর ১৫ নারীর মৃত্যু হয়।
বিলাসপুর জেলার প্রধান নির্বাহি কর্মকর্তা সিদ্ধার্থ পরদেশি জানিয়েছেন, প্রাথমিক পরীক্ষায় রোগপ্রতিরোধক সিপ্রোসিন ট্যাবলেটে জিঙ্ক ফসফাইড পাওয়া গেছে।
এই ট্যাবলেটগুলো ওই গণবন্ধ্যাকরণ শিবিরে বিতরণ করা হয়েছিল।
সিদ্ধার্থ জানিয়েছেন, স্থানীয় মাহাবার ফার্মাসিউটিক্যালসে জিঙ্ক ফসফাইড পাওয়া গেছে এমন খবর পাওয়ার পর কর্তৃপক্ষ ট্যাবলেটগুলো পরীক্ষার করে।
ট্যাবলেটগুলো বিষাক্ত ছিল, প্রাথমিক পরীক্ষায় এমন ধারণা পাওয়ার পর বিষয়টি নিশ্চিত করার জন্য ট্যাবলেটগুলোর নমুনা দিল্লি ও কলকাতায় পরীক্ষার জন্য পাঠানো হয়েছে বলে জানিয়েছেন সিদ্ধার্থ।
তিনি বলেন, “অসুস্থদের লক্ষণেও জিঙ্ক ফসফাইড বিষ ক্রিয়ার নমুনা দেখা গেছে, তাই আমরা এই বিষয়টি হয়েছে বলেই মনে করছি।”
বৃহস্পতিবার ও শুক্রবার গ্রাম থেকে অসুস্থ আরো বেশ কয়েকজন এসে হাসপাতালে ভর্তি হন। এদের অনেকে মাহাবার’র ওষুধ ব্যবহার করেছেন এবং বমি, অস্থিরতা ও প্রচুর ঘাম হওয়ার অভিযোগ জানিয়েছে।
বিলাসপুর জেলার প্রধান সরকারি হাসপাতালের চিকিৎসক শুক্রবার এসব কথা জানিয়েছেন।
নতুনভাবে অসুস্থ হয়ে পড়া এসব গ্রামবাসীরা বন্ধ্যাকরণ শিবিরে যাননি, আলাদাভা্বে তারা ওই একই রোগপ্রতিরোধী ট্যাবলেটটি গ্রহণ করেছিলেন বলে জানিয়েছেন চিকিৎসক ও কর্মকর্তারা।
মাহাবারের তৈরি দুই লাখ সিপ্রোসিন ৫০০ ট্যাবলেট ও অন্যান্য ৪০ লাখ ট্যাবলেট জব্ধ করা হয়েছে বলে ছত্তিশগড় রাজ্য সরকার জানিয়েছে।
