মিয়ানমার ও চীনের মধ্যে ৭শ’ ৮০ কোটি ডলারের চুক্তি
মিয়ানমারের বিদ্যুৎ, কৃষি, টেলিযোগাযোগ, অবকাঠামো ও অর্থনৈতিক খাতে ৭শ’ ৮০ কোটি ডলার বিনিয়োগের একটি চুক্তি করেছে চীন।
মিয়ানমারে চীনা প্রধানমন্ত্রী লি কেকিয়াং এর সফরকালে শুক্রবার চুক্তিটি স্বাক্ষরিত হয় বলে শনিবার জানিয়েছে চীনের রাষ্ট্রিয় সংবাদপত্র চায়না ডেইলি।
এই চুক্তিতে প্রাকৃতিক গ্যাস ভিত্তিক বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র নির্মাণসহ মিয়ানমারের কৃষিখাতের জন্য ৩০ কোটি ডলারের ক্ষুদ্র ঋণ মঞ্জুর করা হয়েছে।
বিদ্যুৎ খাতকে সচল রাখতে দেশদুটির মধ্যে বিদ্যুৎ বিষয়ক একটি সহযোগীতা কমিটি গঠনের বিষয়েও মতৈক্য হয়েছে।
২০১১ সালে মিয়ানমারের প্রেসিডেন্ট থিয়েন সেইন চীনা নেতৃত্বাধীন ৩শ’ ৬০ কোটি ডলারের মাইইটসোন বাধ প্রকল্প স্থগিত করেছিলেন। এই প্রকল্প থেকে উৎপন্ন বিদ্যুতের ৯০ শতাংশ চীনে পাঠানোর কথা ছিল।
এবারের চুক্তিতে ওই প্রকল্পটি চালু করার বিষয়টি নেই।
ঐতিহ্যগতভাবে চীন ও মিয়ানমারের মধ্যে ঘনিষ্ঠ মিত্রতা ছিল। চার বছর আগে রাজনৈতিক সংস্কারের প্রশ্নে পশ্চিমা দেশগুলোর আরোপিত নিষেধাজ্ঞার কালে অর্থনৈতিক ও কূটনৈতিক বিষয়ে মিয়ানমার চীনের উপর বহুলাংশে নির্ভরশীল ছিল।
কিন্তু ২০১১’র মার্চে, মিয়ানমারের সংস্কারবাদী সরকার ক্ষমতা গ্রহণের পর থেকে চীনের উপর নির্ভরশীলতা হ্রাস করার আওয়াজ তোলে।
এখন মিয়ানমারের সঙ্গে যুক্তরাষ্ট্রের সম্পর্কের নতুন মোড় ও রাজনৈতিক সংস্কারের পদক্ষেপে পশ্চিমা নিষেধাজ্ঞা তুলে নেয়ার ধারা শুরুর পর চীন উদ্বিগ্নভাবে ঘটনাবলী পর্যবেক্ষণ করছে।
শুধু মিয়ানমারের প্রাকৃতিক সম্পদের দিকেই চীনের আগ্রহ, এমন সমালোচনায় জর্জরিত চীন এবার বড় ধরনের বিনিয়োগ চুক্তি করে সেই সমালোচনার জবাব দেয়ার চেষ্টা করছে।
