ইবোলা: মালিতে আরো ২ জনের মৃত্যু
ইবোলায় আক্রান্ত হয়ে মালিতে আরো দুই জন মারা গিয়ে মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৩ জনে।
মারা যাওয়া দুই ব্যক্তি হলেন ৫০ বছর বয়সী একজন মুসলিম দরবেশ যিনি সম্প্রতি গিনি থেকে মালিতে গিয়েছিলেন এবং তার চিকিৎসাকারী ২৫ বছর বয়সী একজন সেবিকা।
নিহত সেবিকা মালির রাজধানী বামাকোর প্যাসতেউর ক্লিনিকে কাজ করতেন। বর্তমানে ওই ক্লিনিকটিতে সন্দেহভাজন ইবোলা আক্রান্তদের রাখা হচ্ছে।
মালিতে সর্বপ্রথম দুই বছরের একটি মেয়ে শিশু ইবোলায় আক্রান্ত হয়ে মারা যায়। গিনিতে ইবোলায় আক্রান্ত হয়ে শিশুটির মা মারা যাওয়ার পর তার স্বজনরা শিশুটিকে মালিতে নিয়ে এসেছিল।
গিনি থেকে মালিতে আসতে দীর্ঘপথ বাসে ভ্রমণ করেছিল শিশুটি। শিশুটির সংস্পর্শে এসেছে এমন প্রায় ১০০ জনের মধ্যে ২৫ জনকে ইবোলা পর্যবেক্ষণ কেন্দ্র থেকে সম্প্রতি ছেড়ে দেয়া হয়েছে। তবে মারা যাওয়া বাকি দুজন ওই শিশুটির সংস্পর্শে কখনই আসেনি।
ইবোলায় আক্রান্ত হয়ে এখন পর্যন্ত প্রায় ৫ হাজার মানুষ মারা গেছে। যাদের অধিকাংশই পশ্চিম আফ্রিকার তিন দেশ গিনি, লাইবেরিয়া ও সিয়েরা লিওনের অধিবাসী ছিলেন।
বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) ইবোলার প্রাদুর্ভাবকে বিশ্বব্যাপী গণস্বাস্থ্যের জন্য জরুরি অবস্থা বলে ঘোষণা করেছে।
