২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

গ্রিন হাউজ গ্যাস হ্রাসে চীন-যুক্তরাষ্ট্রের সমঝোতা

চীনের প্রেসিডেন্ট শি জিনপিং ও যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বারাক ওবামা গ্রিন হাউস গ্যাস নির্গমণ হ্রাসের নতুন লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছেন।

নিউজ ডেস্ক

>>

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Nov 2014, 01:13 PM

Updated : 13 Oct 2022, 12:47 PM

বুধবার বেইজিংয়ে দুই নেতার মধ্যে এক দ্বিপাক্ষিক বৈঠকে বিষয়টি নিয়ে সমঝোতা হয়।

এই সমঝোতাকে “ঐতিহাসিক” বলে বর্ণনা করেছেন প্রেসিডেন্ট ওবামা। বৈঠকে তিনি যুক্তরাষ্ট্রের গ্রিন হাউজ গ্যাস নির্গমণের মাত্রা ২০২৫ সালের মধ্যে ২০০৫ সালের তুলনায় ২৬ থেকে ২৮ শতাংশ হ্রাস করার প্রতিশ্রুতি দিয়েছেন।

চীন এ ধরনের কোনো নির্দিষ্ট লক্ষ্যমাত্রা নির্ধারণ না করলেও ২০৩০ সালের মধ্যে নির্গমণ সর্বোচ্চ পর্যায়ে যাবে বলে প্রতিশ্রুতি দিয়েছে। অর্থাৎ এরপর আর গ্যাস নির্গমণ বাড়াবে না চীন।

এই প্রথমবারের মতো বিশ্বের শীর্ষস্থানীয় গ্রিন হাউজ গ্যাস নির্গমণকারী দেশ চীন সর্বোচ্চ নির্গমণের একটি আনুমানিক তারিখ নির্ধারণ করল। গ্রিন হাউজ গ্যাস নির্গমনে চীনের পরেই যুক্তরাষ্ট্রের অবস্থান।

এই দুই দেশ মিলিতভাবে বিশ্বের ৪৫ শতাংশ কার্বন নিঃসরণ করে।

অ্যাপেক সম্মেলন উপলক্ষে চীনের রাজধানীতে এক রাষ্ট্রীয় সফরে এসে দ্বিপাক্ষিক বৈঠকে বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন দুই প্রেসিডেন্ট।

এই বৈঠক থেকে গ্রিন হাউজ গ্যাস নির্গমণ হ্রাসের প্রতিশ্রুতি আসাটা অপ্রত্যাশিত ছিল। তবে ২০২০ সালের পর গ্রিন হাউজ গ্যাস নির্গমণ হ্রাস করার বিষয়ে আগামী বছর প্যারিসে একটি আন্তর্জাতিক চুক্তি হওয়ার কথা। ওই চুক্তিকে সামনে রেখেই দুই নেতা এ বিষয়ে আগাম প্রতিশ্রুতি দিয়ে রাখলেন বলে ধারণা করা হচ্ছে।

এ বিষয়ে শি বলেছেন, “প্যারিসে জলবায়ু পরিবর্তনের উপর আন্তর্জাতিক বৈঠকে একটি চুক্তিতে উপনীত হওয়া নিশ্চিত করতে আমরা একমত হয়েছি।”