২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ক্যাতালুনিয়ায় স্বাধীনতার পক্ষে ৮০ শতাংশ ভোট

স্পেনের ক্যাতালুনিয়ায় স্বাধীনতা প্রশ্নে অনানুষ্ঠানিক ভোটে স্বাধীনতার পক্ষে ৮০ শতাংশেরও বেশি ভোট পড়েছে। কর্মকর্তারা একথা জানিয়েছেন।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Nov 2014, 07:20 PM

Updated : 22 Aug 2022, 07:50 PM

স্পেনের সাংবিধানিক আদালত স্বায়ত্তশাসিত উত্তর-পূর্বাঞ্চলে আনুষ্ঠানিক গণভোট অনুষ্ঠান নাকচ করার পর এ অনানুষ্ঠানিক ভোট হয়।

৫৪ লাখ যোগ্য ভোটারের মধ্যে আনুমানিক ২০ লাখেরও বেশি মানুষ ভোটে অংশ নেয়।

ক্যাতালান নেতা আর্তুর ম্যাস একে ‘অসাধারণ সাফল্য’ উল্লেখ করে বলেন, “এর মাধ্যমে আমরা গণভোটের অধিকার অর্জন করেছি। ক্যাতালুনিয়ার অধিবাসীরা স্বাধীনতা চায় তা আবারো প্রমাণিত হল।”

“আমি বিশ্বের জনগণকে, গণমাধ্যমকে এবং গণতান্ত্রিক দেশগুলোকে ক্যাতালুনিয়ার জনগণকে সাহায্য করার আহ্বান জানাচ্ছি। যাতে তারা তাদের নিজেদের রাজনৈতিক ভবিষ্যৎ নিজেরা নির্ধারণ করতে পারে।”

স্পেন সরকারের প্রচণ্ড বিরোধিতার পরও ক্যাতালুনিয়ায় অনানুষ্ঠানিক এ ভোট অনুষ্ঠিত হয়েছে।

একে ‘অকারণ ও বাতিল’ বলে উড়িয়ে দিয়েছেন স্পেনের বিচারমন্ত্রী রাফায়েল কাতালা। আর্তুর ম্যাস একটি যথাযথ গণভোট আয়োজনের ‘ব্যর্থতা ঢাকতে’ ৯ নভেম্বরের ভোটের আয়োজন করেছে বলে মন্তব্য করেন তিনি।

“সরকার একে স্বাধীনতাপন্থিদের রাজনৈতিক প্রচারণার এক দিন হিসেবেই বিবেচনা করছে। একে কোন ধরনের গণতান্ত্রিক বৈধতা দেয়ার কোন প্রশ্নই আসে না।”

ভোটে দুইটি প্রশ্ন করা হয়। তা হল, তারা ক্যাতালুনিয়াকে একটি আলাদা রাজ্য হিসেবে দেখতে চায় কিনা এবং তারা সেই রাজ্যের স্বাধীনতা চায় কিনা।

‘নাগরিকদের মতামত’ শিরোনামে এই ভোটে ২২ লাখ ৩৬ হাজার ৪০৬ জন ভোট দিয়েছে। ৮০.৭২ শতাংশ ভোটার দুইটি প্রশ্নের উত্তরেই ‘হ্যাঁ’ তে ভোট দিয়েছেন।

মতামত জরিপে দেখা গেছে, ক্যাতালুনিয়ার ৮০ শতাংশ নাগরিক স্বাধীনতার প্রশ্নে গণভোট আয়োজনের পক্ষে। তাদের মধ্যে ৫০ শতাংশ পূর্ণ স্বাধীনতা চায়।