২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

মেক্সিকোর নিখোঁজ ৪৩ ছাত্রকে হত্যার পর পোড়ানো হয়

ছয় সপ্তাহ ধরে নিখোঁজ মেক্সিকোর ৪৩ ছাত্রকে হত্যার কথা স্বীকার করেছেন গ্রেপ্তার অপরাধী চক্রের সদস্যরা।

নিউজ ডেস্ক

>>

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Nov 2014, 02:16 PM

Updated : 13 Oct 2022, 12:46 PM

শনিবার মেক্সিকোর প্রধান আইন কর্মকর্তা জেসাস মুরিল্লো’র বরাত দিয়ে এ খবর জানিয়েছে বিবিসি।

শুক্রবার এক সংবাদ সম্মেলনে এ বিষয়ে বিস্তারিত জানিয়েছেন মুরিল্লো।

মুরিল্লো বলেছেন, পুলিশ ওই ছাত্রদের তাদের হাতে তুলে দিয়েছিল বলে অপরাধী চক্রের সন্দেহভাজন তিন সদস্য দাবী করেছেন।

অপরাধী চক্রের সদস্যরা বলেছেন, ছাত্রদের তাদের হাতে তুলে দেয়ার পর কয়েকজন শ্বাসরুদ্ধ হয়ে মারা গিয়েছিলেন এবং বাকীদের তারা গুলি করে হত্যা করেন, এরপর সবার লাশ আগুনে পুড়িয়ে ফেলেন।

২৬ সেপ্টেম্বর মেক্সিকোর গুয়েরেরো প্রদেশের ইগুয়ালা শহরে পুলিশের সঙ্গে সংঘর্ষের পর ওই ৪৩ ছাত্র নিখোঁজ হয়েছিলেন।

ছাত্রদের নিখোঁজ হওয়ার সঙ্গে যোগ থাকার কারণে সম্প্রতি গুয়েরেরো ইউনিদোস মাদক চক্রের ওই তিন সন্দেহভাজনকে গ্রেপ্তার করা হয়।

নিখোঁজ ছাত্রদের স্বজনেরা দাবী করেছেন, তারা বলে আসছিলেন যেখান থেকে ওই ছাত্ররা নিখোঁজ হয়ে গিয়েছিলেন, তার কাছ বরাবর নদী থেকে ছয় ব্যাগ অজ্ঞাত মানুষজনের দেহাবশেষ পাওয়া গিয়েছিল।

মুরিল্লো বলেছেন, ডিএনএ পরীক্ষায় নিশ্চিত না হওয়া পর্যন্ত ওই দেহাবশেষগুলো নিখোঁজ ছাত্রদের কিনা তা বলা যাবে না।

এর আগে ইগুয়ালা এলাকার আশপাশে তল্লশী চালিয়ে কয়েকটি গণকবর আবিষ্কার করা হলেও প্রাথমিক পরীক্ষায় সেগুলোতে ছাত্রদের লাশ নেই বলে ধারণা পাওয়া গিয়েছিল।

সংবাদ সম্মেলনে সন্দেহভাজনদের স্বীকারোক্তির ভিডিও টেপ প্রদর্শন করেন মুরিল্লো। স্বীকারোক্তিতে তারা বলেছেন, ছাত্রদের ময়লার ট্রাকে তুলে নিকটবর্তী কোকুলা শহরের ময়লা ফেলার স্থানে নিয়ে যাওয়া হয়।

এই ট্রাকেই প্রায় ১৫ জন ছাত্র শ্বাসরুদ্ধ হয়ে মারা যান, বাকীদের তারা গুলি করে মারেন। এরপর একটি অগ্নিকুণ্ডে টায়ার, কাঠ ও প্লাস্টিক বর্জ্যে পেট্রল ঢেলে সবগুলো লাশ ১৪ ঘন্টা ধরে পোড়ানো হয়।

এ বিষয়ে মুরিল্লো বলেন, “আগুন মধ্যরাত থেকে পরদিন দুপুর ২টা পর্যন্ত জ্বলেছিল। এরপর তাপের কারণে পরবর্তী তিন ঘন্টা পর্যন্ত অপরাধীরা দেহাবশেষগুলো নিয়ে আর কিছু করেনি।”

তিন ঘন্টার পর তাপ কমে আসলে অপরাধীরা দেহাবশেষগুলো চুর্ণ করে ব্যাগে ভরে নদীতে ফেলে দেন।

সন্দেহভাজনরা জানিয়েছেন, কতোজন ছাত্রকে তারা নিয়ে গিয়েছিলেন সেই বিষয়ে নিশ্চিত নন তারা। তবে তাদের মধ্যে একজন জানিয়েছেন, ছাত্রদের সংখ্যা ৪০ জনের বেশি হবে।

উদ্ধারকৃত দেহাবশেষগুলোর ডিএনএ পরীক্ষা অস্ট্রিয়ায় করা হবে বলে জানিয়েছেন মুরিল্লো, তবে এতে কতো সময় লাগতে পারে তা নিশ্চিত করে বলতে পারেননি তিনি।

তিনি বলেছেন, “অগ্নিদগ্ধ দেহাবশেষগুলো এমনভাবে পুড়ে গেছে যে এগুলো থেকে পরীক্ষার জন্য ডিএনএ সংগ্রহ করা বেশ কঠিন হবে।”