২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ফিলিপাইনে হাইয়ানে নিহতদের স্মরণ

স্মরণকালের সবচে শক্তিশালী ঝড় হাইয়ানের আঘাতে নিহতের স্মরণে ফিলিপাইনের মধ্যাঞ্চলীয় শহরের রাস্তায় মোমবাতি প্রজ্জলন করেছে শোকার্ত মানুষ।

রয়টার্স

>>

রয়টার্স

Published : 08 Nov 2014, 01:35 PM

Updated : 13 Oct 2022, 12:46 PM

ঠিক এক বছর আগে এইদিনে হাইয়ানের আঘাতে ৬ হাজার ৩শ’রও বেশি মানুষ প্রাণ হারান।

৫ হাজারেরও বেশি মানুষ মোমবাতি প্রজ্জলিত করে ও সাদা বেলুন নিয়ে আঞ্চলিক রাজধানী ট্যাকলোবানের রাস্তা প্রদক্ষিণ করে। যেসব এলাকায় ঘণ্টায় ২৫০ কিলোমিটার বেগে হাইয়ান আঘাত হেনে তার তাণ্ডব চালিয়েছিল, শোকার্ত মানুষেরা সেইসব অঞ্চলেই পরিভ্রমণ করেন।

এ সময় চার্চ থেকে ঘণ্টা আর সাইরেন বাজানো হয়। শহরটির একটি অংশে প্রায় আধা হেক্টর মাঠজুড়ে গণকবর। হাইয়ানে নিহত প্রায় ৩ হাজার মানুষকে সমাহিত করা হয়েছে ওই কবরস্থানে। আর শত শত নিহতের কোন খোঁজই জানা সম্ভব হয়নি।

শহরটির মেয়র আলফ্রেড রমুয়ালদেজ রয়টার্সকে বলেন, “আমরা এটিকে অর্থবহ করে তুলেছি। আর এ কারণেই এটি গুরুত্বপূর্ণ কারণ পরবর্তী প্রজন্ম তাহলে একে স্মরণ করবে।”

মহাঘূর্ণিঝড় হাইয়ান তার যাত্রাপথের সবকিছুই ধ্বংস করে যায়। ২০১৩ সালের ৮ নভেম্বর লেইতে প্রদেশের রাজধানী টাকলোবানের প্রায় ৯০ ভাগই ধ্বংস করে যায় হাইয়ান।

হাইয়ানের কারণে ৬টি অঞ্চল ও ৪৪টি প্রদেশের প্রায় দেড়কোটি মানুষ ক্ষতিগ্রস্ত হয়। এখনো পর্যন্ত প্রায় ৪০ লাখ মানুষ বাস্তুচ্যুত রয়েছেন।

শনিবার শতশত মানুষ যাদের বেশিরভাগই কৃষক তারা সরকারি বাড়ি ও কাজের দাবিতে বিক্ষোভ করেছেন। তাদের অভিযোগ, কর্মকর্তারা তাদের জন্য আসা সহায়তা সরিয়ে নিচ্ছেন।

সরকারি হিসাব অনুযায়ী, হাইয়ানে ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনে ৩.৮ বিলিয়ন মার্কিন ডলারের সমপরিমাণ অর্থের প্রয়োজন।

দেশটির প্রেসিডেন্ট বেনিগনো অ্যাকুইনো শুক্রবার কাছাকাছি সামার দ্বীপ সফর করে পুনর্বাসন ও পুনর্নির্মানের পরিকল্পনা ঘোষণা করেন। তিনি ২ লাখ ৫০ হাজার নতুন বাড়ি নির্মাণ এবং বাস্তুচ্যুত পরিবারগুলোকে পুনর্বাসের অঙ্গীকার করেন।