২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

মধ্যবর্তী নির্বাচনে রিপাবলিকানদের জয়

যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে সিনেটে জয় পেয়েছে বিরোধীদল রিপাবলিকান পার্টি।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Nov 2014, 10:18 AM

Updated : 22 Aug 2022, 07:48 PM

মাত্র ছয়টি আসন পেলেই যেখানে দলটি কংগ্রেসের উচ্চকক্ষ সিনেটের নিয়ন্ত্রণ লাভ করত, সেখানে বুধবার রাতে শেষ ঘোষিত ফলে সাতটি আসনে জয় পেয়েছে দলটি।

আরকানস, কলোরাডো, আইওয়া, মন্টানা, নর্থ ক্যারোলাইনা, সাউথ ডেকোটা এবং ওয়েস্ট ভার্জিনিয়ায় জয়ী হয়েছে রিপাবলিকান পার্টি। অন্যান্য রাজ্যের ভোট গণনায়ও আরো ভোট পাওয়ার আশা আছে দলটির।

এর মধ্য দিয়ে বারাক ওবামার প্রেসিডেন্ট মেয়াদের শেষ দুই বছরের জন্য তার সব সিদ্ধান্তে বাধ সাধার ক্ষমতা পেল দলটি।

প্রতিনিধি পরিষদে রিপাবলিকানরা যথেষ্ট শক্তিশালী অবস্থানে রয়েছে। জানুয়ারিতে নতুন কংগ্রেস যখন ক্ষমতা গ্রহণ করবে, তখন ২০০৬ সালের নির্বাচনের পর প্রথমবারের মতো কংগ্রেসের উচ্চ ও নিম্ন, উভয় কক্ষেরই দায়িত্ব গ্রহণ করবে দলটি।

উত্তর ক্যারোলাইনা, ক্যানসাসে ডেমোক্র্যাট সিনেটরদের জয় কাঙ্খিত থাকলেও জয় পেয়েছেন রিপাবলিকানরা। প্রেসিডেন্ট ওবামার নিজ রাজ্য ইলিনয়িসেও ডেমোক্র্যাটদের পরাজয় ঘটেছে, জয় পেয়েছেন বিরোধী রিপাবলিকানরা।

আট থেকে দশটি সিনেট আসনে হাড্ডাহাড্ডি লড়াই হবে বলে ধারণা করা হলেও এর প্রায় সবগুলোতে রিপাবলিকান প্রার্থীরা জয়ী হয়েছেন।

আইওয়ায় রিপাবলিকান প্রার্থী জনি আর্নেস্টকে বিজয়ী ঘোষণার মধ্য দিয়েই সিনেটে সংখ্যগরিষ্ঠতার জন্য কাঙ্খিত অতিরিক্ত ৬টি আসন পেয়ে যায় রিপাবলিকান পার্টি। এরপর নর্থ ক্যারোলাইনা থেকেও বিজয়ের খবর আসে।

সিনেটের রিপাবলিকান দলীয় নেতা মাইক ম্যাককনেল কেন্টাকিতে তার আসনে জয় পেয়েছেন। তবে সিনেটের গুরুত্বপূর্ণ আসন নিউ হ্যাম্পশায়ারে জয় পেয়েছে ডেমোক্র্যাট দল।

যুক্তরষ্ট্রজুড়ে নির্বাচন শেষ হওয়ার পর প্রাথমিক ফলে দেখা গেছে, উল্লেখযোগ্য সংখ্যক ডেমোক্র্যাট ও রিপাবলিকানক দলীয় সিনেটর নিজ নিজ আসনে জয় পেতে যাচ্ছেন।
দেশটির মধ্যবর্তী এ নির্বাচনে সিনেটের ১০০টি আসনের মধ্যে এক-তৃতীয়াংশে, নিম্নকক্ষ প্রতিনিধি পরিষদের ৪৩৫টি আসনের সবগুলোতে এবং ৫০টি রাজ্য গভর্নরের মধ্যে ৩৬টিতে নির্বাচন অনুষ্ঠিত হয়েছে।

নির্বাচিত হওয়ার পর থেকে প্রেসিডেন্ট বারাক ওবামার জনপ্রিয়তা এখন সবচেয়ে কম হওয়ায় নির্বাচনী প্রচারণার পুরোটা সময়জুড়ে ডেমোক্র্যাট প্রার্থীদের সামনে লড়ে যেতে হয়েছে।

সাম্প্রতিক অর্থনৈতিক অগ্রগতি সত্বেও ওবামার জনপ্রিয়তা ৪০ শতাংশে নেমে যাওয়ায় মধ্যবর্তী নির্বাচনে রিপাবলিকানদের জয় দেখছিলেন অনেক বিশ্লেষক।

এ নির্বাচনের মধ্যে দিয়ে সিনেটের নিয়ন্ত্রণ ডেমোক্র্যাট পার্টির কাছ থেকে রিপাবলিকানদের কাছে চলে এল। এখন রিপাবলিকান দলীয় সিনেট নেতা ম্যাককনেল হবেন উচ্চকক্ষের সংখ্যাগরিষ্ঠের নেতা।

কংগ্রেসের দুই কক্ষই রিপাবলিকানদের কাছে চলে যাওয়ায় ওবামাকে এখন কংগ্রেসে প্রস্তাব পাস করানোর ক্ষেত্রে নিজ দলের দুর্বল অবস্থানের মোকাবিলা করতে হবে।