আর্জেন্টিনায় নিষিদ্ধ হল পিএন্ডজি
কর ফাঁকির দায়ে কনজ্যুমার পণ্য উৎপাদনকারী বিশ্বের অন্যতম বৃহত্তম প্রতিষ্ঠান প্রক্টর অ্যান্ড গ্যাম্বল’কে (পিএন্ডজি) নিষিদ্ধ করেছে আর্জেন্টিনা।
রোববার সরকারি এক আদেশে দেশটিতে পিএন্ডজি’র সব ধরনের ব্যবসায়িক কার্যক্রম বন্ধ করার আদেশ দেয়া হয়েছে বলে জানিয়েছে বিবিসি।
ওই দিন আর্জেন্টিনার প্রেসিডেন্ট দপ্তরের ওয়েবসাইটে প্রকাশিত এক বিবৃতিতে বলা হয়েছে, আর্জেন্টিনার বাইরে থেকে অর্থ আনার উদ্যোগের অংশ হিসেবে পিএন্ডজি আমদানি পণ্যের প্রদর্শিত মূল্য ১৩ কোটি ৮০ লাখ ডলার বাড়িয়ে দেখিয়েছিল।
বিবৃতিতে প্রতিষ্ঠানটিকে কর ফাঁকি দেয়ার চেষ্টার অভিযোগেও অভিযুক্ত করা হয়।
প্রতিষ্ঠানটি রেজার ও অন্যান্য ব্যবহার্য পণ্য আমদানির ক্ষেত্রে এসব প্রতারণার আশ্রয় নিয়েছে বলে অভিযোগে জানানো হয়েছে।
এসব অভিযোগের বিষয়ে যুক্তরাষ্ট্রভিত্তিক প্রতিষ্ঠান পিএন্ডজি’র মন্তব্য এখনো জানা সম্ভব হয়নি বলে জানিয়েছে বিবিসি।
প্রেসিডেন্ট দপ্তরের ওয়েবসাইটে প্রকাশিত বিবৃতিটি আর্জেন্টিনার কেন্দ্রীয় আয়কর বিভাগের পক্ষ থেকে প্রকাশ করা হয়েছে।
এ অভিযোগের বিস্তারিত যুক্তরাষ্ট্রের সিকিউরিটি ও এক্সচেঞ্জ কমিশনে পাঠানো হয়েছে বলে বিবৃতিতে জানানো হয়েছে।
