২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

পাক-ভারত সীমান্তে আত্মঘাতী বোমায় নিহত ৪৫

লাহোরের কাছে পাক-ভারত সীমান্ত শহরে আত্মঘাতী বোমা বিস্ফোরণে অন্তত ৪৫ জন নিহত এবং ৭০ জনের বেশি মানুষ আহত হয়েছে বলে জানিয়েছেন কর্মকর্তারা।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Nov 2014, 09:47 PM

Updated : 22 Aug 2022, 07:28 PM

দু’দেশের ওয়াগা সীমান্ত পারাপার এলাকায় পাকিস্তানের অংশে রোববার সন্ধ্যায় এ বোমা বিস্ফোরণ ঘটে। পাঞ্জাব প্রদেশের এক ঊর্ধ্বতন কর্মকর্তা বলেছেন, নিহতদের মধ্যে সীমান্ত নিরাপত্তা বাহিনীর তিন সদস্যও আছে।

ওয়াগা সীমান্তে পতাকা উত্তোলন কর্মসূচি দেখতে প্রতিদিনই ভিড় করে মানুষ। মানুষের এ ভিড়ের মাঝেই বিকাল সাড়ে পাঁচটার দিকে ১৮ বছরের এক আত্মঘাতী বোমা হামলাকারী তার বিস্ফোরক জ্যাকেটের বিস্ফোরণ ঘটায় বলে জানিয়েছেন পাঞ্জাব পুলিশের ইন্সপেক্টর জেনারেল মুস্তাক আহমেদ শুকেরা।

নিহতদের মধ্যে দুইজন পাকিস্তানের নিরাপত্তা কর্মকর্তা। প্রাথমিক খবরে একটি রেস্তোঁরায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ ঘটেছে বলে জানানো হয়েছিল। পরে শুকেরা জানান, হামলাকারী রেস্তোঁরার দিকে এগিয়ে গিয়ে বিস্ফোরণ ঘটিয়েছে।

পুলিশ বলছে, হামলায় ৫ কেজি বিস্ফোরক ব্যবহার করা হয়েছে।আহতদের মধ্যে ১৫ জনের অবস্থা গুরুতর। মৃতের সংখ্যা আরো বাড়ার আশঙ্কা করা হচ্ছে।

উদ্ধারকর্মীরা ঘটনাস্থলে উদ্ধারকাজ চালিয়ে যাচ্ছে। হামলাস্থলটি ঘিরে রেখেছে পুলিশ। চলছে তল্লাশি অভিযানও।