ফেরিডুবির জন্য ক্যাপ্টেনকে মৃত্যুদণ্ড দেয়ার আর্জি
দক্ষিণ কোরিয়ায় এপ্রিলে ডুবে যাওয়া ফেরির ক্যাপ্টেনকে শাস্তি হিসেবে মৃত্যুদণ্ড দেয়ার আর্জি জানিয়েছেন রাষ্ট্রপক্ষের আইনজীবীরা। ওই দুর্ঘটনায় তিনশ’র বেশি মানুষ প্রাণ হারায়।
দুর্ঘটনা কবলিত ‘সেউল’ ফেরিটির ক্যাপ্টেন লি জুন-সেওকের বিরুদ্ধে নরহত্যা এবং দায়িত্ব পালনে ব্যর্থতার অভিযোগ আনা হয়েছে বলে জানিয়েছেন আইনজীবীরা।
জুনে এই মামলার বিচারকাজ শুরু হয়। দুর্ঘটনায় প্রাণ হারানো অধিকাংশই ছিলো স্কুল ছাত্র। তারা স্কুলের পক্ষ থেকে ভ্রমণে গিয়েছিল।
ডুবে যাওয়ার কারণ হিসেবে ফেরিটি নিয়ম মেনে না বানানো, অতিরিক্ত মাল বোঝাই করা এবং অনভিজ্ঞ ক্রুরা ফেরিটি চালাচ্ছিলেন বলে উল্লেখ করা হয়।
আইনজীবীরা বলেন, “ক্যাপ্টেন লি যাত্রীদের উদ্ধারে কোনো ভূমিকা পালন না করে ফেরি থেকে পালিয়ে যান। তিনি অজুহাত দেখিয়েছেন এবং মিথ্যা বলেছেন। এমন কি তার মধ্যে কোনো অনুতাপও ছিল না। এসব কারণেই আমরা তার মৃত্যুদণ্ড চেয়েছি।”
১৬ এপ্রিলের ওই দুর্ঘটনার ছবিতে দেখা যায়, ডুবতে থাকা ফেরি থেকে ক্যাপ্টেন লিকে উদ্ধার করা হচ্ছে। দুর্ঘটনার সময় ফেরিটিতে ৪৭৬ জন যাত্রী ছিলেন। যাদের মধ্যে ১৭২ জন কে বাঁচানো সম্ভব হয়। ক্যাপ্টেন লি ও তার ক্রুরা প্রথমেই উদ্ধারকারী নৌকায় উঠে পড়ে নিজেদের প্রাণ বাঁচান।
পরে বেঁচে যাওয়া অন্য যাত্রীরা অভিযোগ করেন, ফেরিটি দুর্ঘটনায় পড়ার পর ক্রুরা যাত্রীদের নিজ নিজ জায়গায় অবস্থান করতে বলেন। এমনকি যখন ফেরিটি ডুবে যেতে শুরু করে তখনও তারা যাত্রীদের এই নির্দেশ দিয়েছিল।
গুয়ানজুর একটি আদালতে শুনানি চলা কালে লি বারবারই বলেছেন, দুর্ঘটনার সময় তিনি হতবিহ্বল হয়ে পড়েছিলেন এবং মানসিক ভারসাম্য হারিয়ে ফেলেছিলেন।
যাত্রীদের নিরাপত্তার বিষয়ে তার আরো ভূমিকা রাখা উচিত ছিল কিনা এমন প্রশ্নের জাবাবে ক্যাপ্টেন লি নিজের ভুল স্বীকার করেন। সেইসঙ্গে বলেন, তিনি জানতেন দুর্ঘটনার সময় যে ক্রু জাহাজটি চালাচ্ছিলেন সে চাকরিতে নতুন এবং তার প্রয়োজনীয় দক্ষতা ও অভিজ্ঞতা ছিল না।
ফেরির তিনজন ক্রুর যাবজ্জীবন কারাদণ্ডের শাস্তির আবেদন করেছেন রাষ্ট্রপক্ষের আইনজীবীরা। বাকি ১১ জন ক্রুর ১৫ থেকে ৩০ বছরের কারাদণ্ডের শাস্তির আবেদন করা হয়েছে। নভেম্বরে আদালত এ মামলার রায় ঘোষণা করবে।
ফেরিটি ছিলো চনঘাইজিন মেরিন কোম্পানির। এই কোম্পানির কর্মচারীদের বিরুদ্ধেও আলাদা একটি মামলা চলছে। দুর্ঘটনার পর কোম্পানিটির মালিক ধনকুবের উ বিয়ুং-ইং আত্মগোপনে চলে যান এবং পরে তাকে মৃত অবস্থায় পাওয়া যায়।
