ফিউশন শক্তি প্রকল্পে যুগান্তকারী অগ্রগতির ঘোষণা
নিউক্লিয়ার ফিউশনের ওপর ভিত্তি করে যুগান্তকারী একটি শক্তি উৎস নির্মাণের ঘোষণা দিয়েছে মার্কিন কোম্পানি লকহিড মার্টিন কর্পোরেশন।
বুধবার দেয়া ঘোষণাটিতে বলা হয়েছে, তারা প্রথমবারের মতো এমন একটি ফিউশন চুল্লি বানিয়েছে যা একটি ট্রাকের পেছনে স্থাপন করার মতো ছোট এবং এই চুল্লিগুলো আগামী এক দশকের মধ্যেই ব্যবহার উপযোগী করে প্রস্তুত করা যাবে।
প্রকল্প প্রধান টম ম্যাকগুয়িরি জানিয়েছেন, লকহিডের একটি গোপন গবেষণাগারে চার বছর ধরে তিনি ও তার ছোট দলটি ফিউশন শক্তি নিয়ে কাজ করছিলেন।
এখন নিজেদের গবেষণার ক্ষেত্রে শিল্প ও সরকারের পক্ষ থেকে সক্ষম অংশীদার পাওয়ার খোঁজে তারা তাদের কাজ প্রকাশ করেছেন বলে জানিয়েছেন ম্যাকগুয়িরি।
তাদের প্রাথমিক কাজের ফলাফলে ১০ ফুট বাই ৭ ফুটের একটি চুল্লিতে ফিউশনের মাধ্যমে ১০০শ’ মেগাওয়াট শক্তি উৎপাদন করার বিষয়টি প্রদর্শিত হয়েছে। এটি বড় ধরনের একটি ট্রাকের পেছনে স্থাপন করা যাবে।
বর্তমানে যে সব ফিউশন চুল্লি এ পরিমাণ শক্তি উৎপাদন করছে সেগুলোর তুলনায় এটি দশগুণ ছোট বলে জানিয়েছেন ম্যাকগুয়িরি।
এক বিবৃতিতে যুক্তরাষ্ট্র সামরিক বাহিনীর সবচেয়ে বড় সরবরাহকারী লকহিড মার্টিন জানিয়েছে, এক বছরেরও কম সময়ের মধ্যে তারা একটি কম্প্যাক্ট ফিউশন চুল্লি তৈরি করে পরীক্ষা করবে আর পাঁচ বছরের মধ্যে এটির একটি ক্ষুদ্র সংস্করণ তৈরি করবে।
এটি ফিউশনযোগ্য প্রমাণিত হলে লকহিডের কাজে একটি যুগান্তর বলে চিহ্নিত হবে।
বহু বছর ধরে ফিউশনকে শক্তির প্রতিশ্রুতিশীল উৎস হিসেবে বিবেচনা করে আসছেন বিজ্ঞানীরা। কিন্তু বিভিন্ন সীমাবদ্ধতার কারণে এটি এখনও বিদ্যুৎ উৎপাদনের ক্ষেত্রে নির্ভরযোগ্য হয়ে উঠতে পারেনি।
