সামরিক বৈঠক করেছে দুই কোরিয়া
স্থলসীমান্তে গোলা বিনিময়ের পর উচ্চ পর্যায়ের সামরিক বৈঠক করেছে উত্তর ও দক্ষিণ কোরিয়া । তবে মতবিরোধের অবসান হয়নি বলে জানিয়েছে দক্ষিণ কোরিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়।
দক্ষিণ কোরিয়ার আন্দোলনকর্মীরা উত্তর কোরিয়ার নেতা কিম জং উনের নিন্দা জানানো লিফলেট সম্বলিত বেলুন উড়ানোর পর গত শুক্রবার দুই কোরিয়ার মধ্যে স্থলসীমান্তে গোলা বিনিময় হয়েছে। তবে এতে কেউ হতাহত হয়নি।
এর আগে গত সপ্তাহে উত্তর কোরিয়ার একটি টহল নৌকা সমুদ্রসীমা পার হওয়াকে কেন্দ্র করে দুপক্ষে গোলা বিনিময় হয়।
উত্তর ও দক্ষিণ কোরিয়া বিতর্কিত সমুদ্রসীমায় মাঝে মধ্যেই গোলা বিনিময় করলেও স্থলসীমান্তে দুদেশের গোলা বিনিময় বিরল ঘটনা।
গত শুক্রবার এ ঘটনার পরই দক্ষিণ কোরিয়ার সীমান্তবর্তী গ্রাম পানমুনজোমে দু’দেশের জেনারেলরা আলোচনায় বসেন। দক্ষিণ কোরিয়ার প্রতিরক্ষামন্ত্রণালয়ের মুখপাত্র কিম মিন সেওক একথা বলেছেন।
তিন বছরেরও বেশি সময়ের মধ্যে উত্তর ও দক্ষিণ কোরিয়ার সামরিক কর্মকর্তারা এই প্রথম আলোচনায় বসল। সেওক জানান, দুপক্ষই খোলাখুলি বৈঠক করেছে সম্পর্কোন্নয়নে উভয়ই আন্তরিক ছিল। কিন্তু এটি প্রথম বৈঠক হওয়ায় দুপক্ষের মতবিরোধ নিরসন করা সম্ভব হয়নি।
