আন্দোলনকারীদের সরিয়ে দিয়েছে হংকং পুলিশ
হংকং সরকারের সদরদপ্তরের সামনের প্রধান রাস্তার আন্ডারপাস থেকে গণতন্ত্রপন্থি বিক্ষোভকারীদের সরিয়ে দিয়েছে পুলিশ।
বুধবার দিনের শুরুতে গভীর রাতে পুলিশের এ পদক্ষেপের সময় বিক্ষোভকারীদের সঙ্গে পুলিশের ধস্তাধ্বস্তি ও মৃদু সংঘর্ষ হয়, জানিয়েছে বিবিসি।
ঘটনাস্থল থেকে ৪৫ জন আন্দোলনকারীকে গ্রেপ্তার করেছে পুলিশ।
গণমাধ্যমে প্রকাশিত প্রতিবেদন সূত্রে জানা গেছে, রায়ট গিয়ার পরা শত শত পুলিশ কর্মকর্তা আন্দোলনকারীদের ছত্রভঙ্গ করতে পেপার স্প্রে ব্যবহার করে, এ সময় বহু আন্দোলনকারীকে গ্রেপ্তার করা হয়।
অভিযান শুরু করার আগে এক বিবৃতিতে পুলিশ জানিয়েছিল, শহরের গুরুত্বপূর্ণ প্রধান সড়ক হওয়ায় লুঙ য়ো রোড পরিষ্কার করতে হবে।
শহরের যান চলাচলের পরিস্থিতি স্বাভাবিক রাখার কথা বলে এ নিয়ে তৃতীয়দিনের মতো অভিযানে নামল পুলিশ। অভিযানে নামলেও আন্দোলনকারীদের সরিয়ে দেয়া তাদের লক্ষ্য নয় বলে জানিয়েছিল পুলিশ।
স্থানীয় টেলিভিশন নেটওয়ার্কে সরাসরি সম্প্রচারিত ফুটেজে আন্দোলনকারীদের সঙ্গে পুলিশের ধস্তাধ্বস্তি এবং প্লাস্টিকের হ্যান্ডকাপ পরিয়ে পুলিশকে আন্দোলনকারীদের গ্রেপ্তার করতে দেখা গেছে।
“অবৈধ সমাবেশের” জন্য ৩৭ জন পুরুষ ও আটজন নারী আন্দোলনকারীকে গ্রেপ্তার করা হয়েছে বলে সুই ওয়াই হাঙ নামে এক পুলিশ কর্মকর্তা জানিয়েছেন।
গ্রেপ্তার কেউ আহত হয়নি বলে জানিয়েছেন তিনি, কিন্তু চারজন পুলিশ কর্মকর্তা আহত হয়েছেন বলে জানিয়েছেন।
হংকং শহরের বিভিন্ন গুরুত্বপূণ স্থান দখল করে রেখে বিক্ষোভ প্রদর্শন করার গণতন্ত্রপন্থি এ আন্দোলন তৃতীয় সপ্তাহে গড়াল। নির্বাচন পদ্ধতি সংস্কার করে অবাধ করার জন্য আন্দোলন করছেন তারা।
হংকং ও চীনা কর্তৃপক্ষকে তাদের সংস্কারের আহ্বানে সাড়া দিতে বাধ্য করতে চাপ সৃষ্টি করার এই কর্মসূচী নিয়েছিলেন তারা।
শুরুর দিকে এসব কর্মসূচীতে হাজার হাজার হংকংবাসী অংশগ্রহণ করলেও সম্প্রতি অংশগ্রহণকারীদের সংখ্যা কমে গেছে।
আন্দোলন শুরু হওয়ার পর প্রায় দুই সপ্তাহ বিশ্বের অন্যতম অর্থনৈতিক কেন্দ্র হংকংয়ের কয়েকটি গুরুত্বপূর্ণ স্থান দুই সপ্তাহ ধরে দখল করে রেখেছিল আন্দোলকারীরা।
