২ চিকিৎসকসহ ৬ নারীকে হত্যা করেছে আইএস
ইরাকে ৬ নারীকে হত্যা করেছে ইসলামিক স্টেটের (আইএস) বিদ্রোহী-জঙ্গিরা। দেশটির দ্বিতীয় বৃহত্তম শহর মসুল দখল করে রেখেছে এই গোষ্ঠীটি।
বৃহস্পতিবার হত্যাকাণ্ডের শিকার ওই ৬ নারীর মধ্যে ২ জন চিকিৎসকও রয়েছেন।
তবে তাদের কেন হত্যা করা হয়েছে এ বিষয়টি এখনো জানা সম্ভব হয়নি।
সূত্র জানিয়েছে, নিহত ২ নারী চিকিৎসকের নাম মাহা সুবহান ও লামিয়া ইসমাইল।
নাইনভে’র প্রাদেশিক নিরাপত্তা কমিটির প্রধান মোহাম্মেদ ইব্রাহিম আল-বায়াতি জানিয়েছেন, ওই নারীদের সেই স্থানে নির্দয়ভাবে গুলি করে হত্যা করা হয়েছে, যেখানে আইএস সদস্যরা সাধারণত প্রতিপক্ষের সদস্যদের হত্যা করে থাকে।
আইএস সদস্যরা ওই নিহত নারীদের মরদেহ মসুলের ময়নাতদন্তকারী সংস্থার কাছে হস্তান্তর করেছে বলে বায়াতি জানিয়েছেন।
সাম্প্রতিক মাসগুলোতে আইএস সদস্যরা উল্লেখযোগ্য সংখ্যক মানুষকে হত্যা করেছে বলে ধারণা করা হয়।
