২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

হংকংয়ে আন্দোলনকারীদের সঙ্গে সরকারের আলোচনা শুরু

হংকংয়ের গণতন্ত্রপন্থী বিক্ষোভকারীদের সঙ্গে সরকারের প্রাথমিক আলোচনা শুরু হয়েছে। তবে এতে শিগগিরই কোনো সমাধান আসবে না বলে আভাস পাওয়া গেছে।

রয়টার্স

>>

রয়টার্স

Published : 07 Oct 2014, 12:32 PM

Updated : 13 Oct 2022, 12:40 PM

সোমবার রাতে ছাত্র প্রতিনিধিদের সঙ্গে সরকারের প্রাথমিক আলোচনা হয়েছে।

অপরদিকে মঙ্গলবার রাস্তায় অবস্থানকারী অবশিষ্ট বিক্ষোভকারীদের কারণে যানবাহন চলাচলে বিশৃঙ্খলা ও খুচরা বিক্রেতাদের ব্যবসা ক্ষতিগ্রস্ত হওয়ায় অফিসগামী মানুষ ও খুচরা বিক্রেতাদের সঙ্গে আন্দোলনকারীদের বিবাদে জড়িয়ে পড়ার ঝুঁকি তৈরি হয়েছে।

হংকংয়ের প্রধান সরকারি দপ্তর ও বাণিজ্যিক এলাকাগুলোর রাস্তায় রাস্তায় অবশিষ্ট কয়েকশ’ আন্দোলনকারী অবস্থান নিয়ে আছে।
আন্দোলন তুঙ্গে থাকার সময় এই রাস্তাগুলোতেই হাজার হাজার মানুষ অবস্থান নিয়ে ছিল।

দৃশ্যের অন্তরালে সরকারের সঙ্গে আন্দোলনকারীদের প্রাথমিক আলোচনা শুরু হওয়ার পরিপ্রেক্ষিতে সোমবার আন্দোলনকারী ছাত্ররা সরকারি ভবন ও খুচরা পণ্যবিক্রয়ের এলাকাগুলো থেকে অবরোধ সরিয়ে নিতে শুরু করে। তবে আলোচনায় মাঝারি ধরনের অগ্রগতির আভাস পাওয়া গেছে। গত সপ্তাহজুড়ে গণতন্ত্রপন্থী এ আন্দোলন তুঙ্গে ছিল। তখন বেইজিং মনোনীত শহরটির নেতা লেয়ুঙ চুন য়িঙ এর পদত্যাগ দাবি করেছিল আন্দোলনকারীরা। পাশপাশি ২০১৭ সালের নির্বাচনে হংকংবাসী যাকে চায় তাকে নির্বাচিত করার ক্ষমতা দেয়ার দাবি জানিয়েছিল। কিন্তু চীন নির্বাচনী প্রার্থীদের বাছাই করে তারপর নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে দিতে চাচ্ছিল। প্রাথমিক আলোচনার পর সংবিধান ও মূলভূখণ্ডের সঙ্গে সম্পর্ক সম্পর্কিত উপমন্ত্রী লাউ কোঙ ওয়া জানিয়েছেন, আনুষ্ঠানিক আলোচনার সাধারণ নীতি নিয়ে উভয়পক্ষ একমত হয়েছে। তিনি বলেছেন, “আমি মনে করি আজকের আলোচনা সফল হয়েছে এবং অগ্রগতি হয়েছে।” অপরদিকে দাবি না মানা পর্যন্ত ‘অকুপাই’ আন্দোলন চালিয়ে যাওয়ার অঙ্গীকার করেছেন আন্দোলনের নেতারা। হংকং ফেডারেশন অব স্টুডেন্ট নেতা অ্যালেক্স চৌ বলেছেন, “আন্দোলন তখনই শেষ হবে, যখন সরকার কোনো অঙ্গীকার করবে, অন্যথায় লোকজনকে সরানো অসম্ভব।”