২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

কুর্দি নারী আত্মঘাতীর হামলার শিকার হল আইএস

সিরিয়ার উত্তরাঞ্চলীয় শহর কোবানি’র কাছে ইসলামি স্টেট (আইএস) জঙ্গিদের এক জমায়েতের ওপর আত্মঘাতী হামলা চালিয়েছে এক কুর্দি নারী যোদ্ধা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

>> আইএএনএস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Oct 2014, 10:08 AM

Updated : 25 Apr 2022, 04:47 PM

রোববার এ ঘটনা ঘটেছে বলে সিরীয় মানবাধিকার সংস্থা ‘সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস’ জানিয়েছে।

নাম না জানা এই নারী যোদ্ধা কুর্দি বাহিনী ‘পিপলস প্রোটেকশন ইউনিট’র (ওয়াইপিজি) নেতৃস্থানীয় সদস্য। কোবানির শহরতলী এলাকায় আইএস যোদ্ধাদের জমায়েতের কাছে যেয়ে তিনি গ্রেনেড ছোঁড়েন, এরপর নিজের শরীরে বাঁধা বোমার বিস্ফোরণ ঘটান।

সিরিয়ার তুরস্ক সীমান্তের কুর্দি শহর কোবানির দখল নেয়ার জন্য বড় অভিযান শুরু করেছে আইএস। তাদের প্রতিরোধ করার জন্য কুর্দি পুরুষ যোদ্ধাদের পাশাপাশি কুর্দি নারী যোদ্ধারাও লড়াই করছেন।

এই লড়াইয়ে এবারই প্রথমবারের মতো একজন নারী যোদ্ধা আত্মঘাতী হামলা পরিচালনা করলেন বলে জানিয়েছে অবজারভেটরি।

সেপ্টেম্বরে কোবানি দখল অভিযান শুরু করার পর থেকে শহরটির আশপাশের ৩৫০টি গ্রামের দখল নিয়ে শহরের দিকে এগিয়ে আসছে আইএস জঙ্গিরা।

কুর্দি নারীর এই আত্মঘাতী হামলার মাত্র কয়েকদিন আগে ১৯ বছর বয়সী অপর এক কুর্দি নারী যোদ্ধাকে আইএস জঙ্গিরা ঘেরাও করে ফেললে তিনি গুলিতে আত্মহত্যা করেন।