চীনের গুয়াংডংয়ে ডেঙ্গুর প্রকোপ
চীনের গুয়াংডং প্রদেশে এক দিনেই নতুন করে ১,২১৫ জন ডেঙ্গু আক্রান্ত হয়েছেন। এদের নিয়ে প্রদেশটিতে ডেঙ্গু আক্রান্ত রোগীর সংখ্যা ১৮,৮৮৬ জনে দাঁড়িয়েছে।
শনিবার গুয়াংডং প্রদেশের স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কমিশনের কর্মকর্তারা এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব কথা জানিয়েছেন।
আক্রান্তদের মধ্যে এ পর্যন্ত চারজন মারা গেছেন। এদের মধ্যে তিনজন প্রাদেশিক রাজধানী গুয়াংঝুর এবং অপর জন পার্শ্ববর্তী ফোশান সিটির বাসিন্দা ছিলেন।
গুয়াংডংয়ের ২১টি জেলা শহরের মধ্যে ১৯টিতে ডেঙ্গুর প্রকোপ ধরা পড়েছে বলে জানানো হয়েছে।
ডেঙ্গু একটি মশা বাহিত প্রাণঘাতী রোগ। প্রতি বছর বিশ্বের ক্রান্তীয় ও আধা-ক্রান্তীয় এলাকার পাঁচ কোটি থেকে ১০ কোটি মানুষ রোগটিতে আক্রান্ত হয়। এই রোগে জ্বরের পাশাপাশি পেশী ও হাড়সন্ধি এলাকায় ব্যাথা অনুভূত হয়।
