আইএস’র প্রতি সমর্থন পাকিস্তান তালেবানের
সিরিয়া ও ইরাকে তৎপর জঙ্গিগোষ্ঠি ইসলামিক স্টেট’র (আইএস) প্রতি সমর্থন জানিয়েছে তেহরিক-ই-তালেবান পাকিস্তান (টিটিপি) ।
শনিবার ঈদ উল-আযাহা উপলক্ষ্যে টিটিপি’র নেতা মাওলানা ফজলুল্লাহ এক বিবৃতিতে এই সমর্থনের কথা প্রকাশ করেন বলে জানিয়েছে বিবিসি।
বিবৃতিতে, যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন যৌথবাহিনীকে “শত্রু” হিসেবে অভিহিত করে তাদের বিরুদ্ধে ওই অঞ্চলের সব মুসলিমকে একতাবদ্ধ হওয়ার আনুরোধ জানানো হয়েছে।
সিরিয়া ও ইরাকের আইএস’কে সম্বোধন করে ফজলুল্লাহ বলেন, “শত্রুদের বিরুদ্ধে আপনাদের সাফল্যে আমরা গর্বিত। ভাল-খারাপ উভয় সময়েই আমরা আপনাদের সঙ্গে আছি।”
“সঙ্কটজনক এই দিনগুলোতে, আপনাদের বিরুদ্ধে শত্রুরা একতাবদ্ধ হওয়ায় আমরা আপনাদের প্রতি ধৈর্য্য ধারণ করার ও একতাবদ্ধ থাকার আহ্বান জানাচ্ছি। প্রতিদ্বন্দ্বিতা ভুলে যান।”
বিবৃতিতে বলা হয়, বিশ্ব মুসলিম সম্প্রদায় “কঠিন এই সময়ে আপনাদের পাশে দাঁড়াবে এবং আমাদের পক্ষে যতটুকু সাহায্য করা সম্ভব আমরা করবো”।
আইএস সিরিয়া ও ইরাকের বিশাল অংশ দখল করে নিলেও সেখানকার প্রতিদ্বন্দ্বী আল-কায়েদা সমর্থিত বিদ্রোহী জঙ্গিগোষ্ঠিগুলোর সঙ্গেও লড়াইয়ে লিপ্ত আছে।
অপরদিকে ১৯৯৭ সালে আত্মপ্রকাশের পর থেকে পাকিস্তানি তালেবান ইসলামাবাদ সরকারের বিরুদ্ধে বিদ্রোহী লড়াই চালিয়ে আসছে।
আইএস ও টিটিপি’র মধ্যে সমঝোতা হওয়ার কোনো উল্লেখযোগ্য প্রমাণ এ পর্যন্ত পাওয়া যায়নি বলে বিবিসি’র ইসলামাবাদ প্রতিনিধি জানিয়েছেন।
তবে পাকিস্তানি শহর পেশোয়ারে আইএস’র সমর্থকরা গোষ্ঠিটির প্রশংসা করে প্রচারণ পুস্তিকা বিলি করেছে বলে জানিয়েছেন তিনি।
