ভিয়েতনাম থেকে মার্কিন অস্ত্র নিষেধাজ্ঞা প্রত্যাহার
ভিয়েতনামের ওপর থেকে কয়েক দশকের অস্ত্র নিষেধাজ্ঞা আংশিক তুলে নিয়েছে যুক্তরাষ্ট্র। ভিয়েতনামের সামুদ্রিক নিরাপত্তা সক্ষমতা বাড়ানোর ক্ষেত্রে সহযোগিতার লক্ষ্যে যুক্তরাষ্ট্র এই পদক্ষেপ নিয়েছে।
যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, সামুদ্রিক নিরাপত্তা সংক্রান্ত ক্ষেত্রেই কেবল এই অস্ত্র নিষেধাজ্ঞা তুলে নেয়া হয়েছে।
বৃহস্পতিবার ওয়াশিংটনে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী জন কেরি ও ভিয়েতনামের পররাষ্ট্রমন্ত্রীর মধ্যকার আলোচনার পর এই ঘোষণা দেয়া হল।
তবে এটা স্পষ্টই যে, দক্ষিণ চীন সাগরে মালিকানা নিয়ে বিবদমান দ্বীপগুলোর ওপর চীনা নজরদারীর জবাব হিসেবেই যুক্তরাষ্ট্রের এই পদক্ষেপ।
অবশ্য এ ধরনের কোন পরিকল্পনার বিষয় প্রত্যাখ্যান করেছেন মার্কিন কর্মকর্তারা।
১৯৮৪ সালে ভিয়েতনামের ওপর অস্ত্র নিষেধাজ্ঞা আরোপ করা হয়।
ভিয়েতনাম যুদ্ধের ২০ বছর পর ১৯৯৫ সালে যুক্তরাষ্ট্র ও ভিয়েতনামের মধ্যে পুনরায় কূটনৈতিক সম্পর্ক স্থাপিত হয়।
দুই দশকে দ্বিপাক্ষিক বাণিজ্য সম্প্রসারণ ও সহযোগিতার পরিপ্রেক্ষিতে দেশ দু’টির মধ্যে সম্পর্ক স্বাভাবিক হয়ে আসে। বর্তমানে যুক্তরাষ্ট্র ও ভিয়েতনামের মধ্যে বার্ষিক বাণিজ্যের আর্থিক পরিমাণ ২০০০ কোটি মার্কিন ডলার।
১৯৬৫ থেকে ১৯৭৩ সাল পর্যন্ত যুক্তরাষ্ট্র ভিয়েতনাম যুদ্ধে জড়িয়ে পড়ে। ওই যুদ্ধে ভিয়েতনামের লাখো মানুষ মারা যান। আর যুক্তরাষ্ট্র হারায় ৫৮ হাজার সেনা।
