২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

আইএস’র হামলায় এবছর ১০,০০০ ইরাকি নিহত

ইরাকে ইসলামিক স্টেট (আইএস) এর হামলা শুরু হওয়ার পর থেকে এ বছর প্রথম ৯ মাসে অন্তত ৯ হাজার ৩৪৭ জন ইরাকি নাগরিক নিহত এবং ১৭ হাজার ৩৮৬ জন আহত হয়েছে বলে জানিয়েছে জাতিসংঘ।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Oct 2014, 11:07 PM

Updated : 22 Aug 2022, 07:14 PM

ইরাকে জাতিসংঘের সহায়তা মিশন এবং মানবাধিকার বিষয়ক হাই কমিশনারের এক প্রতিবেদনে বলা হয়েছে, বেশিরভাগ হতাহতের ঘটনা ঘটেছে ১ জুন থেকে। উত্তর ইরাকের দখল ধরে রাখার জন্য সুন্নি মুসলিম এ জিহাদি গোষ্ঠীটি হামলা জোরদার করেছে।

প্রতিবেদনে স্পষ্ট করে বলা হয়েছে, এ পরিসংখ্যান দলিলের ভিত্তিতেই দেয়া হয়েছে। হতাহতের প্রকৃত সংখ্যা আরো বেশি হতে পারে। কারণ, পরোক্ষো কারণে মারা যাওয়া মানুষের সংখ্যা জানা যায়নি।

প্রতিবেদনটি যে সময়ে করা হয়েছে সে সময়টিতে শিশু, সন্তানসম্ভবা নারী, অক্ষম মানুষ এবং প্রাপ্তবয়স্করাই মূলত অরক্ষিত অবস্থায় মৃত্যুমুখে ছিল।

আইএস যোদ্ধারা আন্তর্জাতিক মানবাধিকার আইন মারাতামকভাবে লঙ্ঘন করেছে এবং ধারাবাহিকভাবে মানবাধিকারের অপব্যবহার করেছে বলেও প্রতিবেদনটিতে বিশেষজ্ঞদের বিশ্লেষণে প্রকাশ পেয়েছে।