আজারবাইজানে গ্রেনেড হামলায় নিহত ৭
আজারবাইজানে নিক্ষিপ্ত একটি গ্রেনেড বিস্ফোরণে এক বাড়িতে সাতজন নিহত হয়েছেন। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন আরো দুজন।
বুধবার এ ঘটনার কথা জানিয়েছে দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়।
আজারবাইজানের রাজধানী বাকু থেকে ৩২০ কিমি পশ্চিমে গোরানবয় অঞ্চলে ঘটনাটি ঘটেছে। পারিবারিক বিরোধের জের ধরে গ্রেনেডটি নিক্ষেপ করা হয়েছে বলে ধারণা করা হচ্ছে।
সন্দেহভাজন হামলাকারী রাফিগ হুসেইনভ (৩৬) তার শ্বশুর বাড়িতে গ্রেনেডটি নিক্ষেপ করেন। ঘটনার সময় হুসেইনভের স্ত্রী তার বাবা’র বাড়িতেই ছিলেন।
হতাহতদের মধ্যে হুসেইনভের স্ত্রী’ও আছেন কিনা তা স্পষ্ট করে জানায়নি কর্তৃপক্ষ। তবে আহত দুজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে জানিয়েছে।
