জাপানে অগ্ন্যুৎপাতে আহত ৮
জাপানের কেন্দ্রিয় অঞ্চলে একটি আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাতে অন্তত আট জন আহত হয়েছেন।
বাতাসে ছড়িয়ে পড়া আগ্নেয় ধূলার মেঘ এড়াতে বাণিজ্যিক বিমানের রুট পরিবর্তন করা হয়েছে।
শনিবার স্থানীয় সময় ১১টা ৫৩ মিনিটের দিকে মাউন্ট অনটেক নামের ওই আগ্নেয়গিরি থেকে উদগীরণ শুরু হয়।
উৎক্ষিপ্ত ধোঁয়া, ধূলা ও ছাই আগ্নেয়গিরির ঢালে নাগানো ও গিফু জেলার তিন কিলোমিটার এলাকাব্যাপি ছড়িয়ে পড়েছে বলে জানিয়েছে জাপানের আবহাওয়া সংস্থা।
নাগানো জেলার দমকল কর্মী মাকোতো হাসেগাওয়া বলেছেন, “অগ্ন্যুৎপাতের ফলে সাতজন সামান্য ও একজন মারাত্মক আহত হয়েছেন।”
অগ্ন্যুৎপাত অব্যাহত আছে জানিয়ে হাসেগাওয়া বলেছেন, “ছাইয়ের মেঘ এড়াতে উড়োজাহাজের চলাচল পথ পরিবর্তন করা হয়েছে।”
গণমাধ্যম এনএইচকে সম্প্রচারিত ফুটেজে অগ্নেয়গিরিটি থেকে বাতাসে ভারী, ধূসর ধোঁয়া উঠতে দেখা গেছে।
জাপানের রাজধানী টোকিওর ২শ’ কিমি পশ্চিমের এই পর্বতটির আশপাশে কোনো নিউক্লিয়ার শক্তি কেন্দ্র নেই বলে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।
