ইরাক-সিরিয়ায় আইএস মোকাবেলার পথে যুক্তরাজ্য
ইরাক ও সিরিয়ার ইসলামিক স্টেট (আইএস) জঙ্গিদের বিরুদ্ধে যুদ্ধে যুক্তরাজ্যের সেনাবাহিনীর অংশে নেয়ার ‘যুক্তিসঙ্গত কারণ, রয়েছে বলে মনে করেন প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরন।
তিনি বলেন, “ইরাকের আইএস জঙ্গিদের বিরুদ্ধে বিমান হামলায় নিজের আগ্রহেই যুক্তরাজ্যের যোগ দেয়া উচিত। আর সিরিয়ার আইএস এর বিরুদ্ধে একই অবস্থান নেয়ার ক্ষেত্রে ‘আইনি কোন বাধা’ নেই।”
ইরাকে আইএস’কে মোকাবেলায় যুক্তরাজ্য হস্তক্ষেপ করবে কি না সে ব্যাপারে শুক্রবারই ব্রিটিশ পার্লামেন্টে ভোট হওয়ার কথা।
প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে জানানো হয়েছে, ক্যামেরন ভোটে জিতলে কয়েক ঘণ্টার মধ্যে যুক্তরাজ্যের সেনাবাহিনীর একটি ছোট দলকে ইরাকে পাঠানো হবে।
তবে ওই সেনারা সম্মুখ যুদ্ধে অংশ নেবে না বলে নিশ্চিত করা হয়েছে। তারা রয়্যাল এয়ার ফোর্স (আরএএফ) ফাইটার্সদের পথ দেখাবে এবং খুব সম্ভবত ইরাকি ও কুর্দি সেনাদের প্রশিক্ষণ দেবে। সিরিয়ার ক্ষেত্রেও একই সিদ্ধান্ত নেয়া হতে পারে।
আইএস জঙ্গিদের মোকাবেলায় সাহায্য করার জন্য ইরাক সরকার যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যসহ বিশ্বের শক্তিশালী দেশগুলোকে অনুরোধ করেছে।
শুক্রবারের ভোটে ক্যামেরন সরকার সহজেই জয়লাভ করবে বলে আশা করা হচ্ছে। কারণ, কনজারভেটিভ, লেবার ডেমোক্র্যাট ও লেবার পার্টি ইরাকে বিমান হামলা চালানোর পক্ষে মত দিয়েছে।
আর সিরিয়ার বিষয়ে ক্যামেরন বলেন, “মানবিক বিপর্যয়কারী ঘটনা প্রতিরোধে ব্যবস্থা এবং প্রতিবেশী দেশ সিরিয়া থেকে চালানো হামলা থেকে ইরাককে রক্ষা করার ভিত্তিতে আইনগতভাবেই সিরিয়ায় সেনা অভিযান চালানো সম্ভব বলে আমার বিশ্বাস।”
তবে এমপি’দের মতামত না নিয়ে এ ধরনের কোন অভিযান চালানো হবে না বলে জানিয়েছেন ক্যামেরন।
