ইচ্ছাকৃত হত্যার অভিযোগ থেকে মুক্ত পিস্টোরিয়াস
ইচ্ছাকৃতভাবে বান্ধবীকে হত্যার অভিযোগ থেকে মুক্তি পেলেন দক্ষিণ আফ্রিকার প্রতিবন্ধী দৌড়বিদ অস্কার পিস্টোরিয়াস।
২০১৩ সালে তার বিরুদ্ধে মডেল বান্ধবী রিভা স্টিনক্যাম্পকে গুলি করে হত্যার অভিযোগ আনা হয়েছিল। কিন্তু পিস্টোরিয়াস বরাবরই দাবি করেছেন, তার গুলিতে স্টিনক্যাম্প মারা গেলেও তিনি জানতেন না তার বান্ধবীই গুলিবিদ্ধ হয়েছেন।
দক্ষিণ আফ্রিকার রাজধানী প্রিটোরিয়ার একটি আদালতের বিচারক থোকাজিলে মাসিপা ২৭ বছর বয়সী এই দৌড়বিদকে ইচ্ছাকৃত হত্যার দায় থেকে মুক্তি দেন।
বছরজুড়েই এই হত্যাকাণ্ডের ঘটনা আলোচিত ছিল। ঘটনার প্রায় দেড়বছর পর এই মামলার প্রথম রায় এলো।
বিচারক থোকাজিলে মাসিপা
বিবিসি বলছে, ইচ্ছাকৃত হত্যার দায় থেকে রেহাই মিললেও অনিচ্ছাকৃত হত্যার দায়ে পিস্টোরিয়াসের দণ্ড হতে পারে। জরিমানা অথবা ৫ থেকে ১০ বছরের কারাভোগ করতে হতে পারে তাকে।
আদালত পিস্টোরিয়াসকে ইচ্ছাকৃত হত্যার দায় থেকে নিষ্কৃতি দিলেও রাষ্ট্রপক্ষের আইনজীবীরা তাকে চতুর অভিনেতা বলে চিত্রায়িত করেছেন। পিস্টোরিয়াসকে দামী গাড়ি, সুন্দরী নারী ও অস্ত্রের প্রতি আসক্ত এবং মিথ্যাবাদী বলে অভিহিত করেছেন।
তাদের দাবি, পিস্টোরিয়াস অপরাধ করেছেন অথচ তার দায়িত্ব নিতে অক্ষম। তারা এও অভিযোগ করেন, ইচ্ছাকৃতভাবেই বান্ধবী স্টিনক্যাম্পকে গুলি করেছেন তিনি।
পিস্টোরিয়াসের বান্ধবী রিভা স্টিনক্যাম্প একজন নামী ও দামী মডেল এবং আইনের শিক্ষার্থী ছিলেন।
আলোচিত এই মামলা চলাকালীন বিভিন্ন সময়ে অস্কার পিস্টোরিয়াসের অবস্থা নিয়ে প্রতিবেদন প্রকাশিত হয়। এমন কি তিনি আত্মহত্যা করতে পারেন বলেও মনোচিকিৎসকদের একটি প্রতিবেদনে উল্লেখ করা হয়।
পিস্টোরিয়াসের আইনজীবী আদালতকে এও জানিয়েছিলেন, বান্ধবী রিভা স্টিনক্যাম্প এর জন্য পিস্টোরিয়াস এখন ভীষণ শোকগ্রস্ত।
আদালতে অস্কার পিস্টোরিয়াস
অবশ্য চিকিৎসা প্রতিবেদনে বলা হয়েছিল, পিস্টোরিয়াসের মানসিক অবস্থা ন্যায়-অন্যায় যাচাই করার উপযোগী ছিল। সুতরাং, ওই হত্যাকাণ্ডটি তার বিরুদ্ধে ফৌজদারি অপরাধের আওতায় আনা যায়।
পিস্টোরিয়াস নিজেও বলেছেন, বাসায় কেউ একজন ঢুকেছে ভেবে তিনি পর পর কয়েকটি গুলি ছুঁড়েছেন টয়লেটের দিকে। সেখানেই ছিলেন তার বান্ধবী স্টিনক্যাম্প।
আসামিপক্ষের আইনজীবীদের বক্তব্য, পিস্টোরিয়াসের দুই পা না থাকার কারণে তিনি অতীতেও নিরাপত্তাহীনতায় ভুগতেন। কোনো আকস্মিক ঘটনা দেখলে অন্য স্বাভাবিক মানুষের তুলনায় তিনি বেশি ক্রিয়াশীল হয়ে উঠতেন।
দুই পা না থাকা সত্ত্বেও ২০১২ সালে লন্ডন অলিম্পিকে অংশ নেয়ার সুযোগ পেয়ে বিশ্বব্যাপী আলোচনায় আসেন পিস্টোরিয়াস।
গণমাধ্যমের নজরদারির মধ্যে চলা বিচার প্রক্রিয়ায় চলতি বছরের ৩ মার্চ পিস্টোরিয়াসের বিরুদ্ধে হত্যার অভিযোগ আনা হয়েছিল। অভিযোগ প্রমাণিত হলে তার যাবজ্জীন কারাদণ্ড হতো।
