২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

গোলাবর্ষণ, হুমকির মুখে ইউক্রেইনের অস্ত্রবিরতি

পূর্ব ইউক্রেইনের মারিউপোল বন্দরের কাছে অবস্থানরত ইউক্রেইনীয় বাহিনীকে লক্ষ্য করে চালানো গোলা হামলায় হুমকির মুখে পড়েছে ইউক্রেইনের সরকারি বাহিনী ও বিদ্রোহীদের মধ্যে চলা অস্ত্রবিরতি।

রয়টার্স

>>

রয়টার্স

Published : 07 Sep 2014, 02:36 PM

Updated : 22 Aug 2022, 07:03 PM

অস্ত্রবিরতি শুরু হওয়ার ৩০ ঘন্টা পরে শনিবার রাতে এ ঘটনা ঘটেছে, যা অস্ত্রবিরতির প্রথম বড় ধরনের লঙ্ঘণ।

পাঁচ মাস ধরে চলা ইউক্রেইনের গৃহযুদ্ধ শেষ করতে পরিকল্পিত একটি রোড ম্যাপের অংশ হিসেবে এই অস্ত্রবিরতি শুরু হয়েছে। রাশিয়া ও ইউক্রেইনের প্রেসিডেন্টদ্বয় বলেছেন, পূর্ব ইউক্রেইন জুড়ে ব্যাপকভাবে অস্ত্রবিরতি কার্যকর হয়েছে।
এই অঞ্চলে দেশটির সরকারি বাহিনী ও রুশপন্থী বিচ্ছিন্নতাবাদীরা গত পাঁচ মাস ধরে লড়াইয়ে লিপ্ত ছিলেন।

শনিবার রাতে মারিউপোলের পূর্বে দীর্ঘ সময় ধরে গোলাবর্ষণের শব্দ পান বার্তা সংস্থা রয়টার্সের এক সংবাদাতা। অস্ত্রবিরতির আগে এই এলাকায় দুপক্ষের মধ্যে তীব্র লড়াই চলছিল।

গোলাবর্ষণের শব্দ শোনার পর ওই সংবাদাতা শহর প্রান্তে একটি ট্রাক, একটি পেট্রল পাম্প এবং একটি শিল্পকারখানা আগুনে পুড়তে দেখেন।

এ সময় সরকার পক্ষের বেসামরিক বাহিনীর স্বেচ্ছাসেবীদের কয়েকটি ট্রাকে করে পূর্ব দিকে যেতে দেখন তিনি। কিছুক্ষণের মধ্যেই ট্যাংক ও সাঁজোয়া যানের বহরও তাদের অনুসরণ করে।

ইউক্রেইনের এক কর্মকর্তা রয়টার্সকে বলেছেন, “একটি গোলা হামলা চালানো হচ্ছে। আমাদের পক্ষে কিছু ক্ষয়ক্ষতি হয়েছে, তবে হতাহতের কোনো তথ্য আমাদের কাছে নেই।”

শুক্রবার সন্ধ্যায় অস্ত্রবিরতি শুরু হওয়ার পর থেকে এলাকাটি নিরবই ছিল। কিন্তু মারিউপোল এবং দোনেৎস্কের বাসিন্দা ও এলাকাদুটিতে অবস্থানরত যোদ্ধারা অস্ত্রবিরতির স্থায়ীত্ব নিয়ে সন্দেহ প্রকাশ করেছেন।
নিজের বিবৃতিতে ইউক্রেইনের প্রেসিডেন্ট পেত্রো পোরোশেঙ্কো বলেছেন, এক টেলিফোন কলে তিনি ও রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন “অস্ত্রবিরতি সামগ্রিকভাবে কার্যকর হয়েছে” এবং এটিকে আরো দীর্ঘমেয়াদি করে তোলার রাস্তা বের করার দরকার বিষয়ে একমত হয়েছেন।

ইউক্রেইন ও রাশিয়ার প্রতিনিধি, বিদ্রোহী নেতৃবৃন্দ এবং ইউরোপের নিরাপত্তা পর্যবেক্ষক ওএসসিই এই মিনস্কে এই অস্ত্রবিরতি অনুমোদন করে। শান্তির উদ্দেশ্যে পরিকল্পিত একটি রোডম্যাপের অংশ হিসেবে এই অস্ত্রবিরতি শুরু হয়েছে।

ওই রোডম্যাপে যুদ্ধবন্দি বিনিময় এবং শরণার্থি ও ত্রাণকর্মীদের জন্য একটি মানবিক করিডোর স্থাপন করার কথা বলা হয়েছে।