২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

মুক্তি পেয়ে ছেলের কাছে ফিরলেন কিং দম্পতি

চিকিৎসকদের নির্দেশ অমান্য করে অসুস্থ শিশুপুত্র আশিয়া কিংকে নিয়ে হাসপাতাল থেকে পালিয়ে গিয়ে গ্রেপ্তার হওয়ার পর ফের ছাড়া পেয়ে ছেলের কাছে ফিরেছে মা-বাবা ব্রেট কিং ও নাগমেহ কিং।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Sep 2014, 11:05 PM

Updated : 22 Aug 2022, 07:01 PM

সাউদাম্পটনের একটি হাসপাতাল থেকে নিজেদের পাঁচ বছর বয়সি অসুস্থ ছেলে আশিয়াকে নিয়ে গত বৃহস্পতিবার স্পেনে পালিয়ে যান কিং দম্পতি।

হাসপাতাল থেকে আশিয়া উধাও হয়ে যাওয়ার পর পুলিশকে খবর দেয়া হয় এবং তাকে খুঁজে বের করতে প্রতিবেশী স্পেন ও ফরাসি পুলিশের সহায়তা চাওয়া হয়।

পালিয়ে যাওয়ার অপরাধে কিং দম্পতিকে গ্রেপ্তার করে মাদ্রিদের একটি জেলে রাখায় ছেলের কাছ থেকে বিচ্ছিন্ন ছিলেন তারা।পরে কারাগার থেকে তাদেরকে মুক্তি দেয়া হয়েছে।

ব্রিটিশ সরকারি কৌঁসুলিরা এ দম্পতির বিরুদ্ধে ইউরোপীয় গ্রেফতারি পরোয়ানা ও বন্দি হস্তান্তর পরিকল্পনা তুলে নেয়ার পর মঙ্গলবার তাদেরকে মুক্তি দেয়া হয়।

স্পেনের একজন বিচারক কিং দম্পতিকে মুক্তির নির্দেশ দিয়ে বলেন, অভিযুক্তদের বিরুদ্ধে ফৌজদারি অভিযোগ গঠনের পক্ষে পর্যাপ্ত সাক্ষ্যপ্রমাণ না থাকায় তাদের মুক্তি দেয়া হল।

সম্প্রতি আশিয়ার মস্তিষ্কে টিউমার ধরা পড়ে এবং গতমাসে চিকিৎসকরা অস্ত্রোপচার করে টিউমার অপসারণ করেন।

আবার যাতে আশিয়ার মাথায় টিউমার না হয় সেজন্য তার মা-বাবা তাকে 'প্রোটন বিম থেরাপি' দিতে চেয়েছিলেন। কিন্তু এ চিকিৎসায় কোনো কাজ হবে না বলে জানিয়েছিল ব্রিটেনের হাসপাতাল কর্তৃপক্ষ। পরে আশিয়ার পরিবার তার জন্য যে চিকিৎসা চেয়েছিল তা পায়নি বলে অভিযোগ করেন শিশুটির বাবা।