পাকিস্তানে সঙ্কট নিরসনে আশার আলো
পাকিস্তানে প্রতিপক্ষ দলগুলো আলোচনার মাধ্যমে রাজনৈতিক অচলাবস্থা নিরসনের উদ্যোগ নেয়ায় সঙ্কট সমাধানে আশার আলো দেখা দিয়েছে।
বিরোধী রাজনীতিবিদদের কমিটির সঙ্গে আলোচনায় বসতে রাজি হয়েছেন পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই) নেতা ইমরান খান এবং পাকিস্তান আওয়ামী তেহরিক (পিএটি) নেতা তহিরুল কাদরি।
দুর্নীতি ও গত নির্বাচনে বিপুল কারচুপির অভিযোগ তুলে প্রধানমন্ত্রী নওয়াজ শরীফের পদত্যাগ দাবি করে গত দুই সপ্তাহ ধরে রাজধানী ইসলামাবাদে জড়ো হয়ে বিক্ষোভ করছে এ দল দুটি। শরীফের বাসভবনেও চড়াও হওয়ার চেষ্টা চালায় দুই দলের হাজারো বিক্ষোভকারী।
শরীফ পদত্যাগ করতে রাজি না হওয়ায় এবং বিক্ষোভকারীরাও আলোচনার টেবিলে বসতে অস্বীকৃতি জানানোয় মারাত্মক রাজনৈতিক অচলাবস্থা সৃষ্টি হয়। দেখা দেয় সেনাবাহিনীর ক্ষমতা দখলের আশঙ্কা।
কিন্তু বুধবার নতুন রাজনৈতিক প্রচেষ্টা শুরু হওয়ায় বিক্ষোভ কিছুটা শিথিল হয়েছে। বিরোধী রাজনীতিবিদদের কমিটির সঙ্গে ইমরান-কাদরি আলোচনায় বসতে রাজি হওয়ায় পরিস্থিতি নতুন মোড় নিয়ছে।
বিরোধীদলগুলোর ওই কমিটি সরকার এবং বিক্ষোভকারীদের মধ্যে রাজনৈতিক অচলাবস্থা নিরসনে সহায়ক পদক্ষেপ হিসাবে মধ্যস্থতার চেষ্টা নিয়েছে।
কমিটি প্রধান সিরাজুল হক বলেছেন, “চলমান সঙ্কটে গোটা দেশই বিব্রতকর অবস্থায় পড়েছে। খানের দল খোলা মনে আমাদের আলোচনায় বসার অনুরোধ গ্রহণ করেছে। আমরা তাদের ধন্যবাদ জানাই”।
এর আগে, মঙ্গলবার পাকিস্তানের জাতীয় সংসদে দুই কক্ষের যৌথ অধিবেশনে বেশিরভাগ বিরোধীদল প্রধানমন্ত্রী নওয়াজ শরীফের প্রতি সমর্থন দেয় এবং ইমরান খান ও তাহিরুল কাদরির চলমান আন্দোলনের তীব্র সমালোচনা করে।
পার্লামেন্টের এ জরুরি অধিবেশন এবং সরকারের পক্ষে বিরোধীদলগুলোর অবস্থানের কারণে চলমান আন্দোলন নিয়ে ইমরান খান চাপের মুখে পড়েছেন বলে মনে করা হচ্ছে। পাকিস্তানে সামরিক বাহিনী নিয়ে যেসব জল্পনা শুরু হয়েছিল বর্তমান পরিস্থিতিতে ভাটা পড়তে পারে তাতেও।
