‘দোনেস্ক বিমানবন্দর পুনর্দখলে বিদ্রোহীরা’
পূর্ব ইউক্রেইনের রুশপন্থী বিচ্ছিন্নতাবাদী বিদ্রোহীরা দোনেস্ক বিমানবন্দর পুনর্দখলের পর্যায়ে রয়েছে বলে দাবি করেছে।
মাত্র দুইমাস আগে দেশটির সরকারি বাহিনী বিদ্রোহীদের হটিয়ে বিমানবন্দটির দখল নিয়েছিল।
মঙ্গলবার দোনেস্কভিত্তিক প্রধান একটি বিদ্রোহী ইউনিটের নেতা আলেকজান্দার তিমোফিয়েভ এ দাবি করেছেন।
তিমোফিয়েভ বলেছেন, “বিমানবন্দরটির ৯৫ ভাগ অংশ এখন আমাদের নিয়ন্ত্রণে রয়েছে। কার্যত এটি এখন আমাদেরই দখলে। বাকী কিছু ইউক্রেইনীয় সেনাকে পরিষ্কার করা দরকার।”
“ইউক্রেইনীয় সেনাবাহিনী পিছু হটেছে।এখন আর একটি ফ্লাইট হলেই হবে। মূল অংশটি অস্ত্র ত্যাগ করে চলে যাচ্ছে, বাকিরা মালামাল নেয়ার জন্য অপেক্ষা করছে,” বলেন তিনি।
বিদ্রোহীদের একটি সূত্র জানিয়েছে, বিমানবন্দরে চূড়ান্ত অভিযান চালানোর প্রস্তুতি চলছে। এখানকার লড়াই দ্রুতই শেষ হয়ে যাবে বলে দাবি করেছেন তিনি।
দোনেস্ক’র এই বিমানবন্দরটি হারানো ইউক্রেইনের সরকারি বাহিনীর জন্য একটি বিপর্যয়।
জুনে বিদ্রোহীদের বিরুদ্ধে অভিযানে নামার পর বিমানবন্দরটির নিয়ন্ত্রণ বিদ্রোহীদের কাছ থেকে ছিনিয়ে নিয়েছিল তারা।
গত সপ্তাহে লড়াইয়ের মোড় বিদ্রোহীদের দিকে ঘুরে যাওয়ার পর এই বিমানবন্দরটির দখল ফিরে পাওয়াই হবে বিদ্রোহীদের জন্য সবচেয়ে বড় সাফল্য।
এরআগে সোমবার বিদ্রোহীদের অপর শক্তিকেন্দ্র লুহানস্কের বিমানবন্দরও ছেড়ে যেতে হয় ইউক্রেইনীয় বাহিনীকে।
পাঁচমাস ধরে চলা এই লড়াইয়ের মোড় গত সপ্তাহে হঠাৎ করেই বিদ্রোহীদের দিকে ঘুরে যায়। তারা এখন নতুন আর একটি লড়াইয়ের ক্ষেত্র গুরুত্বপূর্ণ একটি বন্দরের দিকে এগিয়ে যাচ্ছে।
এই পরিস্থিতিতে রাশিয়ার বিরুদ্ধে ইউক্রেইনে সেনাসহ সাঁজোয়া বহর পাঠানোর অভিযোগ এনেছে পশ্চিমা দেশগুলো। কিন্তু অভিযোগ অস্বীকার করে রাশিয়া দাবি করেছে, তাদের কোনো সেনা ইউক্রেইনের লড়াইয়ে অংশ নিচ্ছে না।
তবে অভিযোগের বিষয়ে নির্ভরযোগ্য প্রমাণ আছে বলে দাবি করেছে পশ্চিমা দেশগুলো ও ইউক্রেইন।
এর পরিপ্রেক্ষিতে ইউক্রেইনে মস্কোর ভূমিকার জন্য রুশ ব্যবসা প্রতিষ্ঠানগুলোকে অর্থের সঙ্কটে ফেলতে মঙ্গলবার নিষেধাজ্ঞার প্রস্তাব করেছেন ইউরোপীয় ইউনিয়নের কর্মকর্তারা।
জাতিসংঘের হিসাব মতে, ইউক্রেইন রাষ্ট্র থেকে বিচ্ছিন্ন হওয়ার জন্য রুশপন্থী বিদ্রোহীদের এই লড়াইয়ে পাঁচমাসে ২৬০০ জন নিহত ও পূর্ব ইউক্রেইনের প্রায় দশ লাখ মানুষ ঘরবাড়ি ছাড়তে বাধ্য হয়েছেন।
