গাজার ইরেজ সীমান্ত ক্রসিং বন্ধ করলো ইসরায়েল
গাজা থেকে ছোঁড়া রকেট আঘাত হানার পর ভূখণ্ডটির ইরেজ ক্রসিং বন্ধ করে দেয়া হয়েছে বলে জানিয়েছে ইসরায়েল।
রোববারের ওই রকেট হামলায় চারজন আহত হয়েছেন বলে জানিয়েছে বিবিসি।
ইসরায়েলি কর্তৃপক্ষের অনুমতি সাপেক্ষে গাজায় প্রবেশ করতে ও ভূখণ্ডটি থেকে বের হতে ত্রাণকর্মী, সাংবাদিক ও ফিলিস্তিনিরা ক্রসিংটি ব্যবহার করতো।
এরআগে একই দিন উত্তর গাজায় ইসরায়েলি বিমান হামলায় এক মা ও তার তিন শিশুসন্তান নিহত হন বলে জানিয়েছেন স্থানীয় স্বাস্থ্য কর্মকর্তারা।
জাবালিয়া শরণার্থী শিবিরের কাছে তাদের বাড়িতে ইসরায়েলি বিমান বোমাবর্ষণ করলে ওই মা ও শিশুরা নিহত হন বলে জানিয়েছেন তারা।
ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) বলেছে, উত্তর গাজায় লুকানো একটি রকেট লঞ্চার থেকে ফিলিস্তিনিরা ইরেজ ক্রসিং লক্ষ করে কয়েকটি রকেট নিক্ষেপ করে।
শনিবার রাত থেকে ইসরায়েলে অন্ততপক্ষে ৫০টি রকেট নিক্ষেপ করা হয়েছে বলে রোববার দাবি করেছে আইডিএফ।
তারা জানিয়েছে, ইসরায়েলি বিমান বাহিনী গাজা নিয়ন্ত্রণকারী ‘জঙ্গি গোষ্ঠী’ হামাসের অবস্থান লক্ষ করে হামলা অব্যাহত রেখেছে।
এ রকম একটি হামলায় হামাসের অর্থ সচিব মোহাম্মদ আল-ওউল নিহত হয়েছেন বলে দাবি করেছে আইডিএফ। তবে ইসরায়েলি এই দাবির বিষয়ে শেষ খবর পাওয়া পর্যন্ত হামাসের পক্ষ থেকে কোনো মন্তব্য করা হয়নি।
রোববার গাজায় ইসরায়েলি হামলায় মোট আটজন প্রাণ হারায়।
আগের দিন শনিবার হামাসের কমান্ড সেন্টার অভিহিত করে ইসরায়েলিরা একটি ১৩ তলা ভবন গুঁড়িয়ে দিলে ২২ জন আহত হন। বহুতল ওই ভবনটি গুঁড়িয়ে দিতে দুটি ক্ষেপণাস্ত্র ব্যবহার করে ইসরায়েলিরা।
“হামাস সন্ত্রাসী কার্যকলাপ চালাচ্ছে এমন প্রত্যেকটি জায়গা থেকে” ফিলিস্তিনি বেসামরিকদের সরে যেতে ফের সতর্কতা জারি করেছেন ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু।
রোববার ইসরায়েলি মন্ত্রিসভার এক বৈঠকে তিনি হুঁশিয়ারি জানিয়ে বলেন, “এসব জায়গায় থাকা প্রত্যেকেই আমাদের লক্ষ্যে পরিণত হবে।”
গাজা সীমান্তের কাছের একটি গ্রামে চার বছরের এক ইসরায়েলি বালক হামাসের রকেট হামলায় নিহত হওয়ার পর গাজা হামলা “জোরদার” করার ঘোষণা দিয়েছে ইসরায়েল।
হামাস ইসায়েলি বেসামরিক নাগরিকদের লক্ষ করে হামলা চালাচ্ছে, ইয়াহু নিউজের সঙ্গে এক সাক্ষাৎকারে এ অভিযোগ অস্বীকার করেছেন হামাস নেতা খালিদ মিশাল।
তিনি বলেছেন, “অধিকাংশ সময়ই আমারা ইসরায়েলি সামরিক লক্ষ্য ও ঘাঁটিকে নিশানা করি। কিন্তু আমাদের শত্রুদের মতো অস্ত্রের প্রাচুর্য আমাদের নেই, তাই নিশানা ঠিক রাখা অনেক সময়ই কঠিন হয়ে যায়।”
ইসরায়েল ও হামাসের সাম্প্রতিক লড়াইয়ে ২,০৯০ জনেরও বেশি ফিলিস্তিনি, যাদের অধিকাংশ বেসামরিক এবং ৬৮ জন ইসরায়েলি নিহত হয়েছেন। নিহত ইসরায়েলিদের প্রায় সবাই সেনা সদস্য।
