গাজাবাসীকে নেতানিয়াহুর হুঁশিয়ারি
হামাসের সামরিক কাজে ব্যবহৃত গাজার সব এলাকা থেকে বাসিন্দাদের সরে যাওয়ার হুঁশিয়ারি দিয়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু।
উদ্দেশ্য সাধন না হওয়া পর্যন্ত গাজায় সামরিক অভিযান চলবে বলেও জানিয়েছেন তিনি।
হামাসের কাজে ব্যবহৃত হচ্ছে অভিযোগ তুলে শনিবার ১৩ তলা আবাসিক ভবনসহ বেশ কয়েকটি স্থাপনা ধ্বংস করেছে ইসরায়েলের সেনাবাহিনী।
কয়েকদিনের যুদ্ধবিরতি শেষে গত মঙ্গলবার নতুন করে পাল্টাপাল্টি হামলা শুরুর পর গাজায় অভিযান আরো তীব্রতর করার ঘোষণা দেন ইসরায়েলের প্রধানমন্ত্রী।
রোববার নেতানিয়াহু বলেন, “হামাসের সন্ত্রাসী কাজ চলে, এমন সব এলাকা থেকে বাসিন্দাদের সরে যাওয়ার নির্দেশ দিচ্ছি। ওইসব এলাকার প্রতিটি মানুষ আমাদের হামলার লক্ষ্যবস্তু হবে।”
তার ওই ঘোষণার কিছুক্ষণের মধ্যেই গাজার খান ইউনিস এলাকায় চারটি বাড়ি ধ্বংস করেছে ইসরায়েলি বিমান বাহিনী। এরমধ্যে একটি বাড়ির এক হামাস সদস্যের বলে জানা গেছে।
খাই ইউনিসের ওই হামলায় ১০ জন আহত হয়েছে বলে স্বাস্থ্যকর্মীরা জানিয়েছেন।
ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহুর রোববারের ঘোষণাকে ‘যুদ্ধাপরাধের সুস্পষ্ট উদাহরণ’ বলে দাবি করেছেন হামাসের মুখপাত্র শমি আবু জুহরি।
ওদিকে, যুদ্ধের তীব্রতা বাড়ার পর রোববার আবারো ইসরায়েল ও হামাসকে অস্ত্রবিরতি চুক্তিতে পৌঁছার আহ্বান জানায় মিশর। এর আগে মিশরের মধ্যস্থতায় কয়েক দফায় প্রায় ১০ দিনের যুদ্ধবিরতি চলে।
গত মঙ্গলবার থেকে আবারো পাল্টাপাল্টি হামলা শুরু করে হামাস ও ইসরায়েল।
ওদিকে, গাজা সিটিতে একটি গাড়িতে বিমান থেকে নিক্ষিপ্ত বোমায় মোহাম্মাদ আল গুল নামে এক ব্যক্তি নিহত হয়েছেন, যাকে হামাসের অন্যতম আর্থিক যোগানদাতা বলে দাবি করছে ইসরায়েল। ওই গাড়িতে কিছু মার্কিন ডলার পাওয়া গিয়েছিল।
এর আগে গত বৃহস্পতিবারও ইসরায়েলের সুনির্দিষ্ট হামলায় হামাসের সশস্ত্র শাখা কাসেম ব্রিগেডের তিন কমান্ডার নিহত হয়েছিলেন।
রোববার জাবালিয়া শরণার্থী শিবিরে অপর হামলায় তিন শিশুসন্তানসহ এক নারী নিহত হন। তবে কী কারণে ওই হামলা চালানো হয়েছিল অথবা কোনো পূর্ব সতর্কতা ছাড়াই কেন ওই হামলা চালানো হয়েছিল তা জানায়নি ইসরায়েল।
সাম্প্রতিক সময়ে বিমান থেকে গোলা নিক্ষেপের আগে সতর্কতামূলকভাবে বিস্ফোরকবিহীন রকেট ছোড়ে ইসরায়েলি সেনারা। সেকারণে অনেকগুলো স্থাপনা ধ্বংস হলেও হতাহতের পরিমাণ তুলনামূলক কমই রয়েছে।
ওদিকে, হামাস যোদ্ধারাও দক্ষিণ ইসরায়েলে অনবরত রকেট হামলা চালিয়ে যাচ্ছে। রোববার ৭০টি রকেট ছোড়া হয় বলে হামাস জানিয়েছে।
ইসরায়েলের ইরজ সীমান্ত এলাকায় হামাসের রকেট হামলায় তিনজন আহত হয়েছে বলে জানা গেছে।
ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, ইসরায়েলের হামলায় দুই হাজার ১১৪ জন নিহত হয়েছে। নিহতদের দুই তৃতীয়াংশই বেসামরিক নাগরিক বলে জাতিসংঘের দাবি। এর মধ্যে চারশতাধিক শিশুও রয়েছে।
গাজার অভিযানে নিহত হয়েছে ৬৪ ইসরায়েলি সেনা। এছাড়া, হামাসের ছোড়া রকেটে ইসরায়েলের ৪ বেসামরিক নাগরিক নিহত হয় বলে গণমাধ্যমের খবরে জানানো হয়।
