গাজায় শেষ হচ্ছে অস্ত্রবিরতি
ফিলিস্তিনের গাজায় সোমবার শেষ হচ্ছে হামাস ও ইসরায়েলের মধ্যকার পাঁচদিনের যুদ্ধবিরতি।
তার আগ মুহূর্তে ইসরায়েল ফের সীমান্তে সেনা মোতায়েন শুরু করেছে । গাজা সীমান্তে ইসরায়েলি ট্যাংক ও বুলডোজার জড়ো হচ্ছে।
কিন্তু গাজায় একটি স্থায়ী যুদ্ধবিরতি করা নিয়ে কায়রোর আলোচনায় অগ্রগতির কোনো লক্ষণই দেখা যাচ্ছে না।
মিশরে যুদ্ধবিরতি আলোচনার মধ্যস্থতাকারীরা আগামী কয়েকঘণ্টায় যুদ্ধবিরতিতে পৌঁছার জোর প্রচেষ্টা চালাচ্ছে বলে জানিয়েছেন এক ফিলিস্তিন।
এর আগে, গত বুধবার ইসরায়েল ও হামাস যুদ্ধবিরতির মেয়াদ আরো পাঁচ দিন বাড়াতে একমত হয়েছিল। সেই যুদ্ধবিরতির মেয়াদ সোমবারই শেষ হওয়ার কথা। হামাস বলেছে, গাজার ওপর থেকে অবরোধ প্রত্যহারসহ তাদের দাবিদাওয়া না মানলে স্থায়ী যুদ্ধবিরতির চুক্তি হবে না।
হামাসের মুখপাত্র সামি আবু জুহরি বলেছেন, তারা যুদ্ধবিরতির চুক্তিকে অগ্রাধিকার দিলেও ইসরায়েল অচলাবস্থা সৃষ্টি করে তাতে বাধা দিচ্ছে।
