প্যারিসে সৌদি প্রিন্সের গাড়িবহরে হামলা, অর্থ লুট
ফ্রান্সের রাজধানী প্যারিসে সৌদি প্রিন্সের গাড়িবহরে বন্দুকধারীরা হামলা চালিয়ে ২ লাখ ৫০ হাজার ইউরো এবং গুরুত্বপূর্ণ কূটনৈতিক নথিপত্র নিয়ে গেছে।
সোমবার গণমাধ্যমের খবরে বলা হয়, প্যারিসের উত্তরাঞ্চলে কমান্ডো ধাঁচের একটি অভিযান চালিয়ে সশস্ত্র কয়েকজন দুবৃত্ত সৌদি দূতাবাসের গাড়িবহর রাস্তার এক ধারে নিয়ে যেতে বাধ্য করে।
সৌদি প্রিন্সের ওই গাড়িবহরের দুটো গাড়িতে আলাদাভাবে চোরাগোপ্তা হামলা চালায় ৮ জন মানুষ। তারা দুটো মার্সিডিস গাড়ির চালককে বন্দুকের নলের মুখে রেখে গাড়ি থামাতে বাধ্য করে বলে জানায় ফরাসি গণামধ্যম।
পরে বন্দুকধারীরা গাড়িটিকে চালক ও দুই সৌদি আরোহীসহ দূরে নিয়ে যায়। কোনো গুলি তারা ছোড়েনি। সৌদি নাগরিকদেরকেও পরে ছেড়ে দেয়া হয়।
গাড়িটিতে ২ লাখ ৫০ হাজার ইউরো এবং দূতাবাস কার্যালয়ের নথিপত্র ছিল বলে বিএফএম টিভি নিউজে জানিয়েছেন পুলিশ ইউনিয়নের মুখপাত্র রোকো কন্টেনটো।
