অস্ত্রবিরতি ভঙ্গের অভিযোগ ফিলিস্তিনের
পাঁচদিনের অস্ত্রবিরতি চলাকালেই গাজা ভূখণ্ডে ইসরায়েলি সেনারা গুলি চালিয়েছে বলে অভিযোগ করেছে ফিলিস্তিন কর্তৃপক্ষ।
শুক্রবার গাজার সীমান্তবর্তী খান ইউনিস এলাকার কয়েকটি বসতবাড়ি লক্ষ্য করে সেনার গুলি চালায় বলে ফিলিস্তিনের স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানায়।
এর একদিন আগেই তিন দিনের অস্ত্রবিরতি শেষে তা আরো পাঁচদিনের জন্য বাড়াতে রাজি হয় কায়রোতে শান্তি আলোচনায় অংশ নেয়া দেশ দুটির প্রতিনিধিরা।
শুক্রবার নতুন করে হামলার মধ্য দিয়ে ইসরায়েল অস্ত্রবিরতি চুক্তি ভঙ্গ করেছে বলে দাবি করে ফিলিস্তিন সরকার।
তবে গুলির ওই ঘটনা সম্পর্ক ‘কিছুই জানা নেই’ বলে ইসরায়েলি সেনাবাহিনীর পক্ষ থেকে দাবি করা হয়।
বৃহস্পতিবারও আগের তিনদিনের যুদ্ধবিরতির শেষ পর্যায়ে এসে পাল্টাপাল্টি হামলায় চালায় ইসরায়েল ও গাজার নিয়ন্ত্রণকারী হামাস।
গাজার দিক থেকে রকেট ও ইসরায়েলের দিক থেকে কামানের গোলা ছোড়া হয় বলে গণমাধ্যমে খবর আসে। তবে পাল্টাপাল্টি ওই হামলায় কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।
গত ৮ জুলাই গাজায় হামাসের সামরিক তৎপরতা ধ্বংস করতে অভিযান শুরু করে ইসরায়েলের সেনাবাহিনী। ওই অভিযানে নারী, শিশু, বৃদ্ধসহ সহস্রাধিক বেসামরিক নাগরিক নিহত হওয়ার ঘটনায় সারা বিশ্বে তুমুল সমালোচনা হয় ইসরায়েলের।
অভিযানে এসে হামাসের সশস্ত্র শাখার প্রতিরোধের মুখে পড়ে নিহত হয় ৬৪ জন ইসরায়েলি সেনা। এছাড়া গাজা থেকে ছোড়া হামাসের রকেটর আঘাতেও তিন ইসরায়েলি নাগরিক নিহত ও কয়েকশ সাধারণ নাগরিক আহত হয়।
