২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

জন্মের আগেই বিএড ডিগ্রি!

জন্মগ্রহণ করার আগেই অথবা ২১ বছর পূর্ণ হওয়ার আগেই ব্যাচেলর অব এডুকেশন (বিএড) ডিগ্রি অর্জন করেছেন কেউ কেউ, ভাবা যায়?

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

>> আইএএনএস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Aug 2014, 12:10 PM

Updated : 25 Apr 2022, 04:33 PM

অথচ এই ‘অভূতপূর্ব’ ঘটনাই ঘটেছে ভারতের বিহারে।

আইএএনএস বলছে, ২০১০ সালে দেশটির সর্বোচ্চ আদালতের নির্দেশে রাজ্য সরকার ২০১১-২০১২ অর্থবছরে ৩৪৫৪০ জন প্রশিক্ষিত শিক্ষক নিয়োগ দিয়ে এই তথ্যই আবিষ্কার করেছে।

অন্ততপক্ষে ৯৫ জনের ক্ষেত্রে ২১ বছর পূর্ণ হওয়ার আগেই বিএড ডিগ্রি অর্জনের তথ্য পাওয়া গেছে।

শিক্ষক নিয়োগের পর ভুয়া সার্টিফিকেট দেখিয়ে চাকরি নেয়ার অসংখ্য অভিযোগ জমা পড়ে রাজ্য সরকারের শিক্ষাবিভাগে।

শিক্ষা বিভাগের একজন কর্মকর্তা বলেন, “এসব অভিযোগের ভিত্তিতে বিষয়টি তদন্তের নির্দেশ আসে। তদন্ত করতে গিয়ে আমরা বিস্মিত হয়ে দেখতে পাই, ৯৫ জন শিক্ষক ২১ বছর পূর্ণ হওয়ার আগেই বিএড ডিগ্রি অর্জন করেছেন। তাদের মধ্যে জন্মের আগেই এই ডিগ্রি পেয়ে যাওয়ার ঘটনাও রয়েছে।”

উদাহরণ হিসেবে উল্লেখ করা যায়, মাধিপুর জেলার একটি স্কুলে নিয়োগ পাওয়া শিক্ষক শিবনারায়ণ যাদব তার জন্মের ৫ বছরে আগেই বি এড ডিগ্রি অর্জন করেছেন। তার ডিগ্রির সনদ ও জন্মসনদের কাগজপত্রে দেয়া তারিখ তাই বলছে।

পূর্ব চম্পারনের অপর এক শিক্ষক প্রীতি কুমারী তার জন্মের ৩ বছর আগেই বিএড ডিগ্রি পেয়েছেন বলে কাগজপত্র পরীক্ষা করে দেখা গেছে।

একইভাবে দেখা গেছে, স্মরণ ও সাহারসা জেলার ইন্দু কুমারী এবং এল বি. সিং তাদের জন্মের ৭ বছর আগেই এই ডিগ্রি প্রাপ্ত হয়ে যান।

বিহারের প্রাথমিক শিক্ষাবিভাগের যুগ্মসচিব আর এস সিং বলেছেন, ভুয়া সার্টিফিকেটধারী সবাইকে বরখাস্ত করা হবে।

তিনি বলেন, “ভুয়া সার্টিফিকেট দেখিয়ে চাকরি নেয়ার ঘটনা জানতে পেরে বিভাগ অত্যন্ত মর্মাহত।”